রিয়ানা, টেইলর এবং জাস্টিন সেরা
লস আঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অনুষ্ঠিত আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৩-এ এবার সেরাদের পুরস্কার জিতে নিলেন পপতারকা রিয়ানা, টেইলর সুইফট এবং জাস্টিন টিম্বারলেক।
রবিবার রাতে অনুষ্ঠিত আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে প্রথমবারের মতো ‘আইকন অ্যাওয়ার্ড’ পেলেন রিয়ানা। ‘আর্টিস্ট অফ দ্য ইয়ার’-সহ সেরা পপ/রক সিঙ্গার (ফিমেইল), কান্ট্রি সিঙ্গার (ফিমেইল) এবং সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার পেয়েছেন টেইলর। আর সেরা পপ/রক সিঙ্গার (মেইল), সেরা সোল/আরঅ্যান্ডবি সিঙ্গার (মেইল) এবং সেরা সোল/আরঅ্যান্ডবি অ্যালবাম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জাস্টিন।
আইকন অ্যাওয়ার্ডটি রিয়ানার হাতে তুলে দিয়েছেন তার মা মনিকা ব্রেইথওয়াইট। মায়ের হাত থেকে পুরস্কার নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রিয়ানা। পুরস্কার গ্রহণকালে সফল ক্যারিয়ারের পেছনে মায়ের অপরিসীম অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান।
রিহানার মা মনিকা বলেন, “আমি আজ তোমাকে নিয়ে খুবই গর্বিত। আমি জানি ক্যারিয়ারের এই সফল যাত্রায় তোমার পথ সবসময় সহজ ছিল না, কিন্তু তুমি নিজেকে সামলে এতদূর আসতে পেরেছ এ জন্য আমি তোমাকে সমর্থন জানাই।”
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ব্যান্ড ওয়ান ডাইরেকশন, মেরুন ফাইভ, মার্ক অ্যান্থনি প্রমুখ।
এই অ্যাওয়ার্ডে পারফর্ম করেছিলেন লেডি গাগা, কেটি পেরি, মাইলি সাইরাস, আরিয়ানাসহ জাস্টিন নিজে।
তবে লেডি গাগা কিংবা মাইলি সাইরাসের ভাগ্যে জোটেনি কোনো পুরস্কার।
