২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলির বাড়িতে চুরি

পপতারকা মাইলি সাইরাসের বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় চোর। মাইলির ২১তম জন্মদিনের একদিন আগে ওই ঘটনায় খোয়া গেছে তার ব্যবহার্য বেশ কিছু জিনিস।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 08:56 AM

Updated : 25 Apr 2022, 07:34 PM

কন্টাক্টমিউজিকের প্রতিবেদন অনুযায়ী, ২২ নভেম্বর সন্ধ্যার দিকে মাইলির স্টুডিও সিটির বাড়িতে একজন আগুন্তুক প্রবেশ করে। আর তখনই ওই চুরির ঘটনা ঘটে।

এক সূত্রে ইউএস উইকলি সংবাদমাধ্যমটিকে জানায়, এই চুরির ঘটনায় দারুণ মন খারাপ করেছেন মাইলি। কারণ তার ব্যক্তিগত বেশ কিছু জিনিস চুরি হয়েছে। আর পুরো বিষয়টিতে দারুণ অবাকও হয়েছেন তিনি।

টিএমজেড-এর তথ্য অনুসারে, চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে মুল্যবান অলঙ্কারও ছিল। পুলিশ বর্তমানে এই চুরির তদন্ত করছে। তবে চোর কিভাবে মাইলির বাড়ির ভিতরে প্রবেশ করেছিল, তা এখনও ঘোলাটে রয়ে গেছে।

ঘটনাটি নিয়ে পরে টুইটারে মাইলি পোস্ট করেন, “জন্মদিনে এই ছিল আমার কপালে!”

তবে চুরির ঘটনার জন্য জন্মদিন মাটি হতে দেননি মাইলি। বন্ধুদের নিয়ে সাড়ম্বরে উদযাপন করা ওই দিনটি নিয়ে মাইলির টুইট, “জন্মদিনের উপহারের জন্য তোমাদের ধন্যবাদ!”