ঢাকায় অরিন্দম-এর ‘কবি’
চট্টগ্রামের নাটকের দল অরিন্দমের প্রযোজনা ‘কবি’র মঞ্চায়ন হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় নাটকটি প্রদর্শিত হবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা করেছেন সায়মন জাকারিয়া এবং নির্দেশনা দিয়েছেন শামীম হাসান।
অরিন্দমের প্রেসিডেন্ট আকবর রেজা জানিয়েছেন এটি তাদের ২৯তম প্রযোজনা। এরই মধ্যে তারা নাটকটির ২৫টি শো করেছেন। ঢাকায় এর ২৬তম প্রদর্শনী হচ্ছে।
রেজা বলেন, “এই নাটকের প্রদর্শনীতে সব সময় প্রচুর দর্শক হয়। চট্টগ্রামে শোটি খুবই জনপ্রিয়। তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস কবি থেকে আমরা নাটকটি রূপান্তরের সময় নানা বিষয় এতে অন্তর্ভুক্ত করেছি। বিশেষ করে এতে কবিগানসহ বেশকিছু লোকগান যোগ করা হয়েছে। ঢাকায় এটি আমাদের প্রথম শো। এখানকার দর্শকরাও নাটকটি উপভোগ করবেন বলে আমাদের প্রত্যাশা।”
