চলচ্চিত্রেও মমর সঙ্গে মিলন
টিভিপর্দার পর এবার চলচ্চিত্রেও জুটি বাঁধছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম। তারা অভিনয় করবেন রাকিবুল আলম রাকিবের ‘প্রেম করব তোমার সাথে’ সিনেমায়। এর মাধ্যমে ছয় বছর পর সিনেপর্দায় ফিরছেন মম।
গ্লিটজকে এ কথা জানিয়েছেন সিনেমার পরিচালক রাকিবুল আলম রাকিব।
ত্রিমুখী প্রেমের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন মম ও মিলন। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জায়েদ খান।
মম বলেন, “অনেকদিন ধরেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসছিল। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। রাকিবের চিত্রনাট্য মনে ধরে গেল। তাকে আর ফেরাতে পারিনি।”
সহ-অভিনেত্রী মম প্রসঙ্গে মিলন জানান, ‘ধূপছায়া’, ‘কবি’-সহ অনেক ধারাবাহিক ও এক ঘণ্টার নাটকে মমর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছি। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া। দুজনই দুজনের দক্ষতা সম্পর্কে জানি।”
টিভির মতো চলচ্চিত্রেও মম-মিলন জুটির রসায়ন দর্শক উপভোগ করবে বলে আশা করছেন মিলন।
‘প্রেম করব তোমার সাথে’ সিনেমায় মিলন অভিনয় করেছেন প্রতিবাদী এক তরুণের চরিত্রে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার মিলনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তার প্রেমিকা মম। এ নিয়ে দেখা দেয় দ্ব›দ্ব। তখন দৃশ্যপটে আবির্ভূত হন জায়েদ। ভালোবাসার অধিকার আদায়ে শুরু হয় অন্য লড়াই।
