২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্রামে হৃত্বিক

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শুটিংয়ে ফেরার কথা থাকলেও নিজেকে আরও সুস্থ করে তুলতে কিছুদিনের জন্য বিশ্রামে থাকার পরিকল্পনা করেছেন বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। 

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 11:00 AM

Updated : 25 Apr 2022, 07:34 PM

মুম্বাই মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, শুটিং চলাকালে মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় হৃত্বিকের। এর ফলে পরবর্তীতে অস্ত্রোপচারও করাতে হয় তার। আর তাই ‘ব্যাং ব্যাং’ এবং ‘শুদ্ধি’ সিনেমা দুটির শুটিং থেকে বিরতি নেন তিনি। চলতি মাসেই তার কাজে ফেরার কথা থাকলেও, হৃত্বিকের ভাষ্য অনুযায়ী, নিজেকে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য আরও কিছুদিনের বিশ্রাম প্রয়োজন।

হৃত্বিক এ বিষয়ে বলেন, “আমি সুস্থ হওয়ার জন্য কিছুটা সময় নিতে চাইছি। ‘ব্যাং ব্যাং’ এবং ‘শুদ্ধি’ সিনেমায় অভিনয়ের জন্য আমাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য এখন বিশ্রাম নিচ্ছি।”

এক সূত্রের বরাতে মাধ্যমটি জানায়, এখনও সিনেমার শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়নি। হৃত্বিক এ ধরনের অ্যাকশন সিনেমায় শুটিং শুরুর আগে নিজে পুরোপুরি সুস্থ হতে চাইছেন।

‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ে একটি দৃশ্যে অভিনয়ের সময় মাথায় আঘাত পেয়ে বেশ কিছুদিন শুটিং থেকে বিরত ছিলেন বলিউডি এই অভিনেতা। এ জন্য ‘শুদ্ধি’ সিনেমার শুটিংও বন্ধ ছিল বেশ কিছুদিন।

এ বিষয়ে সিনেমা দুটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং কারান মালহোত্রা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “বর্তমানে হৃত্বিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়াই আমাদের জন্য বেশি জরুরি।”

নভেম্বর মাসের মাঝামাঝি ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল; অন্যদিকে ‘শুদ্ধি’ সিনেমার শুটিং শুরুর তারিখ নির্ধারণ করা হয় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।