২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেন-ম্যাটের স্লিপার

ডিসি কমিকসের জনপ্রিয় বই ‘স্লিপার’কে এবার চলচ্চিত্রের পর্দায় নিয়ে আসবেন বেন অ্যাফ্লেক এবং ম্যাট ডেমন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 05:43 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

ওয়ারনার ব্রাদার্স এবং প্রযোজক জেনিফার টডের সঙ্গে মিলে সিনেমাটি প্রযোজনা করবেন ওই দুই হলিউডি অভিনেতা।

‘স্লিপার’-এর সিনেমার জন্য চিত্রনাট্য লিখবেন শন রায়ান এবং ডেভিড ওয়েইনার।

নিজস্ব প্রোডাকশন ‘পার্ল স্ট্রিট’-এর পক্ষ থেকে ওয়ারনার ব্রাদার্সের সঙ্গে এই সিনেমার জন্য প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছেন বেন এবং ম্যাট। তবে সিনেমাটির জন্য এখনও ঠিক হয়নি কোনো নির্মাতা কিংবা কলাকুশলী। আপাতত স্টুডিও সুপারভাইজারের দায়িত্ব পালন করছেন লিন হ্যারিস।

এর আগে ২০০৮ সালে স্যাম রাইমি এবং জশ ডোনেনের কোম্পানি ‘স্টারস রোড’-এর সঙ্গে একাত্ম হয়ে সিনেমাটি নির্মাণের কাজ হাতে নিয়েছিল ওয়ারনার ব্রাদার্স। এমনকি টম ক্রুজ এতে অভিনয় করতে পারেন, এটাও শোনা গেছে। তবে কাজটি পরবর্তীতে আর এগোয়নি।

চিত্রনাট্য লেখক রায়ান জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য শিল্ড’-এর নির্মাতা হিসেবে সুপরিচিত। আর ওয়েইনার এর আগে রায়ানের সঙ্গে কাজ করেছেন টিভি চ্যানেল এবিসির অনুষ্ঠান ‘লাস্ট রিসোর্ট’-এ; ওই অনুষ্ঠানটিরও সহ-পরিচালনার দায়িত্বে ছিলেন রায়ান।

কমিকবুক ‘স্লিপার’-এর কাহিনি গড়ে উঠেছে এমন এক সময়ের প্রেক্ষাপটে, যখন বিশেষ কয়েকজন মানুষ নিজেদের মধ্যে অতিমানবীয় ক্ষমতার বৃদ্ধি টের পান। এমনই এক ব্যক্তি হলেন হোল্ডেন কারভার। তিনি সবরকমের ব্যথা নিজের মধ্যে শোষণ করে নিতে পারেন, আর এই ব্যথা অন্য কারও মধ্যে ছড়িয়েও দিতে পারেন। নিজের এই ক্ষমতাকে কাজে লাগানোর জন্য আইন-শৃক্সখলা বাহিনীর সঙ্গে একাত্ম হয়ে একটি অপরাধী সংগঠনকে দমন করতে বেরিয়ে পড়েন হোল্ডেন। কিন্তু এমন সময় এক সুন্দরী খুনি মিস মিজারির প্রেমে পড়েন তিনি।

‘স্লিপার’ কমিকবুক সিরিজের গল্প লিখেছেন এড ব্রুবেকার এবং ছবি এঁকেছেন শন ফিলিপস। জনপ্রিয় এই সিরিজটি চলছে ২০০৩ সাল থেকে।