প্রতিযোগিতা পছন্দ ক্যাটরিনার
অভিনয়ের ক্ষেত্রে প্রতিযোগিতাকে ইতিবাচক বলে মনে করেন বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
টিনসেলে নায়িকাদের ইঁদুর দৌড় নতুন কিছু নয়। বর্তমানে এই দৌড়ের দুই পাকা খেলোয়াড় হলেন দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ। পরপর তিনটি বক্স অফিস হিট সিনেমার মাধ্যমে নিঃসন্দেহে এখন নায়িকাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন দীপিকা।
কিন্তু নিজের অবস্থান নিয়ে মোটেও চিন্তিত নন ক্যাট। বরং তিনি মনে করেন, প্রতিযোগিতামূলক পরিবেশে মানুষ আরও ভালো কাজ করতে পারে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে সম্প্রতি ক্যাট বলেন, “আমার মনে হয় আমি ক্যারিয়ারে এতদূর পর্যন্ত যে আসতে পেরেছি সেটা আমার সৌভাগ্য। ঈশ্বর আমাকে চাওয়ার চাইতে অনেক বেশি দিয়েছেন। দুঃখ পাওয়ার মতো কিংবা অভিযোগ করার মতো কিছু পাইনি আমি। প্রতিটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে তোলা একটি ভালো প্রয়াস। প্রতিযোগিতা অবশ্যই ভালো। এতে আমরা আরও ভালো কাজ করতে আগ্রহী হই।”
ক্যাটরিনা অভিনীত ‘ধুম থ্রি’ এখন রয়েছে মুক্তির মিছিলে। নির্মাতা বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘ধুম থ্রি’ সিনেমায় আমির খান এবং ক্যাটের সঙ্গে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া। সিনেমাটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর।
