২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অডিশন-পদ্ধতি চান নওশাবা

অডিশনের মাধ্যমেই চলচ্চিত্রে অভিনয়শিল্পী নির্বাচন করা উচিত বলে মনে করেন টিভিঅভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 07:50 AM

Updated : 13 Oct 2022, 03:04 PM

এ প্রসঙ্গে নওশাবা গ্লিটজকে বলেন, “এখন সিনেমায় অভিনয় করতে চাইলে অডিশন দিতে হয় না। হুট করে পরিচিত কাউকে ধরে এনে অভিনেতা-অভিনেত্রী বানিয়ে দেওয়া হচ্ছে। তারা অভিনয় না জানলেও তাতে পরিচালকের মাথাব্যথা নেই। এ কারণে যোগ্যরা সুযোগ পাচ্ছে না। নষ্ট হচ্ছে প্রতিযোগিতার পরিবেশ।”

তিনি মনে করেন, কোন গল্পের জন্য কোন শিল্পী যোগ্য, তা অডিশনের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত। এতে অভিনয় না জেনে কেউ অভিনয়ে আসার দুঃসাহস করবেন না।

কাজী নওশাবা আহমেদ এখন তিনটি ধারাবাহিকে অভিনয় করছেন। এগুলো হল, মানিক মানবিকের ‘কাম টু দ্য পয়েন্ট’ , শিহাব শাহীনের ‘ভালোবাসার চতুষ্কোণ’, এবং চন্দন চৌধুরীর ‘নীলকণ্ঠ’।

‘কাম টু দ্য পয়েন্ট’ ধারাবাহিকে নওশাবা প্রথমবারের মতো কমেডি চরিত্রে অভিনয় করছেন। এতে তিনি ইলা চরিত্রে রূপদান করছেন।

‘ভালোবাসার চতুষ্কোণ’ ধারাবাহিকে নওশাবার বিপরীতে অভিনয় করছেন অপূর্ব।

থ্রিলারধর্মী ‘নীলকণ্ঠ’ ধারাবাহিকে নওশাবা অভিনয় করেছেন সাদাসিধে গৃহবধূর চরিত্রে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন।