শীর্ষ পারিশ্রমিক ম্যাডোনার
ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত ২০১৩ সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষস্থানটি দখল করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের পপতারকা ম্যাডোনা। রিয়ানা, কেটি পেরি এবং জাস্টিন বিবারের মতো তরুণ ও হালের জনপ্রিয় শিল্পীদের পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছেন ৫৫ বছর বয়সী এই পপ আইকন।
কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, জুন ২০১২ থেকে মে ২০১৩ সালের মধ্যে ১২.৫ কোটি ডলার আয় করেছেন ম্যাডোনা। এক বছরে ৮ কোটি ডলার আয় করে দ্বিতীয় স্থানে আছেন লেডি গাগা।
ম্যাডোনার ১২.৫ কোটি ডলার আয়ের একটা বড় অংশ এসেছে ওই পপতারকার ‘এমডিএনএ’ ট্যুর থেকে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ওই ট্যুর থেকে সব মিলিয়ে ৩০.৫ কোটি ডলার আয় করেছিলেন তিনি।
ফোর্বসের তালিকার শীর্ষ পাঁচের মধ্যে ৭.৯ কোটি ডলার আয় করে তৃতীয় স্থানে আছেন রকতারকা বন জোভি। আর চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আছেন কান্ট্রি মিউজিশিয়ান টোবি কিথ এবং ইংলিশ ব্যান্ড কোল্ডপ্লে।
