বলিউডে আগ্রহী শ্যারন
হলিউডি অভিনেত্রী শ্যারন স্টোন এবার আগ্রহ প্রকাশ করেছেন বলিউডি সিনেমায় কাজের ব্যাপারে।
সম্প্রতি একটি জনসেবামূলক অনুষ্ঠানে অংশ নিতে মুম্বাই আসেন শ্যারন। এইডস গবেষণার জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা ‘এএমএফএআর’ আয়োজিত এই অনুষ্ঠানে এসে শ্যারন জানান, ভারতের খাবার এবং সিনেমা-- দুটোই তার পছন্দের।
ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যারন বলেন, “হিন্দি সিনেমায় অভিনয় করতে আমি অবশ্যই আগ্রহী। আমি অনেক হিন্দি সিনেমা দেখেছি। ভাষা ভিন্ন হলেও, সিনেমাগুলো দেখতে আমার ভালো লাগে।”
শ্যারনের ভাষ্য অনুযায়ী, হিন্দি ভাষাটা এখনো আয়ত্বে আনতে না পারলেও ‘নামাস্তে’ বলা শিখেছেন তিনি।
আর ভারতীয় খাবারের ব্যাপারে শ্যারন বলেন, “ভারতের খাবার আমার খুবই পছন্দ। মসলাদার খাবার আমি ভালোবাসি। আজ ভোরবেলা আমি হাঁটতে বেরিয়েছিলাম। আমি একটি মন্দিরে গেছি, আমার খুব ভালো লেগেছে।”
শ্যারন ছাড়াও সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান আরও কয়েকজন শিল্পী। তারা হলেন অভিনেত্রী হিলারি স্কোয়াঙ্ক, গায়িকা কিশা এবং আন্তর্জাতিকভাবে খ্যাত ফ্যাশন ডিজাইনার কেনেথ কোল।
বলিউডি অভিনশিল্পীদের মধ্যে অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঐশ্বরিয়া রায়; সঙ্গে ছিলেন তার স্বামী অভিষেক বচ্চন। অনুষ্ঠানটিতে আরও ছিলেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া, সোফি চৌধুরী, ডিনো মোরিয়া, নার্গিস ফাখরিসহ আরও অনেকে।
