২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমির ক্যামেরা ভীতি

মাদকাসক্তির বিষয় জানা জানি হওয়ার পর থেকে ক্যামেরার সামনে কাজ করতে অস্বস্তি বোধ করেন পপতারকা ডেমি লোভাটো। তাই নতুন করে অভিনয়ে ক্যারিয়ার শুরু করতে দোটানায় ভুগছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 03:38 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

কন্টাক্টমিউজিক জানায়, দক্ষিণ আমেরিকায় এক সফরের সময় মানসিকভাবে ভেঙে পড়লে মাদকাসক্ত হয়ে পড়েন ডেমি। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত রিহ্যাবে ছিলেন তিনি।

এরপর ডেমি জানান, তিনি ব্যক্তিগতভাবে হতাশা ও বিষণ্নতায় ভুগছিলেন। আর এর প্রভাবেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।

নানা ধরনের শারীরিক অসুবিধার পরও আমেরিকার ট্যালেন্ট হান্ট শো ‘এক্স-ফ্যাক্টর’-এর বিচারক হিসেবে বসেন ডেমি। তবে ডেমি জানান, প্রতিবারই শো-র সেটে উপস্থিত হওয়ার আগে তাকে নিজের সঙ্গে বেশ যুদ্ধ করতে হয়।

এখনও অভিনয় শুরু করার জন্য মানসিকভাবে প্রস্তুত নন বলে মনে করেন ডেমি। শিশুদের নিয়ে টিভি শো ‘সানি উইথ এ চান্স’ এবং ‘গ্লি’ শো-এ অতিথি হিসেবে উপস্থিত থাকার পর বর্তমানে নিজেকে ক্যামেরা থেকে দূরে রাখতে চাইছেন ডেমি।

ডেমি এ বিষয়ে বলেন, “যখন আপনি সমস্যায় ভুগছেন তখন তা কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো কিছুটা কঠিন। আমার নিজের শো দেখতেও অস্বস্তি হয়। আমি মনে করি গান গাওয়াই আমার কাজ। ভালো চরিত্র পেলে হয়তো আবার সিনেমায় কাজ করব।”