অপেক্ষায় বীথি
চলচ্চিত্রে সাফল্যের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী বীথি ইরতেশাম। তার অভিনীত প্রথম সিনেমা ‘হেডমাস্টার’ ব্যবসাসফল হলে চলচ্চিত্রে নিয়মিত হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গ্লিটজকে এ কথা জানান বীথি।
সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন দেলওয়ার জাহান ঝন্টু।
বীথি গ্লিটজকে বলেন, “প্রথম সিনেমা মুক্তির অপেক্ষায় আছি। এর সাফল্যের উপর নির্ভর করছে সিনেমায় নিয়মিত হব কি না। ”
তিনি আরও জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। অহিদুজ্জামান ডায়মন্ডের একটি সিনেমার ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। তবে এখনও সিনেমার নাম চূড়ান্ত হয়নি।
অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “প্রচলিত বাণিজ্যিক সিনেমাতে অভিনয় করতে চাই না। জীবনঘনিষ্ঠ সিনেমার দিকেই আমার ঝোঁক।”
একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মডেল হিসেবে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন বীথি। এরপর বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও মধ্যে অনিয়মিত হয়ে পড়েন। পড়াশোনায় ব্যস্ততার কারণে ক্ষণিকের বিরতি নিয়েছিলেন বলে মন্তব্য করেন বীথি। ফিরে এসে পুরোদমে অভিনয় করছেন। বিজ্ঞাপনেও নিয়মিত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
বীথি এখন চারটি ধারাবাহিকে অভিনয় করছেন। এগুলো হল আশুতোষ সুজনের ‘বিশাখা’, তরঙ্গ আনোয়ারের ‘দিবানিশি, মঈন খানের ‘কনফিউশন’ (বাংলাভিশন) এবং অঞ্জন আইচের ‘জলফড়িং এর গল্প’।
দিবানিশি ধারাবাহিকে বীথি এক জমিদারবাড়ির ছোটবউয়ের চরিত্রে রূপদান করেছেন।
তিনি ‘জুয়াড়ি’ নামে একটি টেলিফিল্মে যাত্রাদলের এক সদস্যের চরিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।
বিজ্ঞাপন প্রসঙ্গে তিনি বলেন, “প্রায়ই বিজ্ঞাপনের অফার পাই। কিন্তু মনের মতো হচ্ছে না বলে সেসব অফার ফিরিয়ে দিচ্ছি।”
