ইউকে চার্টের শীর্ষে গাগা
নতুন অ্যালবাম ‘আর্টপপ’ প্রকাশের পর তৃতীয়বারের মতো ইউকে টপচার্টের শীর্ষে অবস্থান করছেন লেডি গাগা।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, ২০০৮ সালে গাগা তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘দ্য ফেইম’এর মাধ্যমে প্রথমবারের মতো ইউকে টপচার্টের এক নম্বরে পৌঁছান। এরপর ২০০৯ সালে তার অ্যালবাম ‘দ্য ফেইম মনস্টার’ও ঐ চার্টের শীর্ষে যায়।
প্রায় চার বছরের বিরতি দিয়ে আবারও শীর্ষ স্থান দখল করেছেন গাগা। নভেম্বরের প্রথম সপ্তাহে এক নম্বরে থাকা গায়ক এমিনেমের অ্যালবাম ‘মার্শাল ম্যাথার্স এলপি টু’কে দুই নম্বরে পাঠিয়েছে গাগার ‘আর্টপপ’।
আর তিন নম্বরে আছে গায়িকা সেলিন ডিওনের অ্যালবাম ‘লাভ মি ব্যাক টু লাইফ’। ছয় বছরে সেলিনের এই একটি অ্যালবাম সেরা দশে পৌঁছালো।
নতুন অ্যালবাম ‘স্যালুট’ নিয়ে দ্বিতীয়বারের মতো সেরা পাঁচের চার নম্বরে অবস্থান করছে ব্যান্ড লিটল মিক্স।
আর পাঁচ নম্বরে রয়েছেন প্রয়াত গায়ক এলভিস প্রিসলি। ভক্তদের ভোটে নির্বাচিত প্রিসলির সেরা ২০টি গান নিয়ে তৈরি হয়েছে একটি অ্যালবাম।
ছয় নম্বর আসন পেয়েছে ব্যান্ড দ্য কিলারস। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাদের দুটি অ্যালবাম,‘বেস্ট অফ কিলারস’ এবং ‘ডাইরেক্ট হিট’। আর ক্লিফ রিচার্ডের শততম অ্যালবাম ‘দ্য ফ্যাবিউলাস রক অ্যান্ড রোল সংবুক’ রয়েছে সাত নম্বরে।
‘ট্রাস্ট’ অ্যালবামের মাধ্যমে আট নম্বরে রয়েছেন আলফি বোয়ি, নয় নম্বর আসন পেয়েছে গায়ক জেমস আরথারের অ্যালবাম ‘জেমস আরথার’।
ব্রিটিশ ব্যান্ড কিন তাদের সেরা কিছু গানের কালেকশন নিয়ে প্রকাশিত ‘দ্য বেস্ট অফ কিন’ অ্যালবামের জন্য পেয়েছে দশ নম্বর আসন।
