২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকার হ্যাট্রিক

‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সাফল্যের পর দীপিকা পাড়ুকোন অভিনীত ‘রাম-লীলা’ও হাঁটছে রেকর্ড তৈরির পথে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 04:24 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

চলতি বছরের শুরুতে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের বিপরীতে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সাফল্য দীপিকাকে নিয়ে যায় আলোচনার শীর্ষে। এরপর শাহরুখ খানের বিপরীতে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাও বলিউডে নতুন রেকর্ড তৈরি করে। আর সদ্য মুক্তিপাওয়া সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমাও বক্সঅফিসে সাফল্য অর্জনের পথে রয়েছে।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের ভাষায় ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র নায়না, ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার মিনাম্মা এবং ‘রাম-লীলা’র লীলা। তিনটি পুরোপুরি ভিন্নধারার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন দীপিকা।

শ্রী রাং ফিল্মসের সারাং চন্দক দীপিকার কাজের প্রশংসা করে বলেন, “প্রেক্ষাগৃহে সাড়া জাগাবে সিনেমাটি, এ বিশ্বাস আছে আমার। সিনেমাতে দীপিকাকে শুধু যে দেখতেই ভালো লেগেছে তা নয়, তার অভিনয়ও ছিল অসাধারণ।”

‘রাম-লীলা’ সিনেমায় সঞ্জয় লীলা বনসালির পরিচালনায় এই প্রথম অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধেন দীপিকা। গুজরাটের পটভূমিকায় নির্মিত চলচ্চিত্রটির কাহিনি শেক্সপিয়ারের রোমিও এ্যান্ড জুলিয়েট নাটক থেকে অনুপ্রাণিত। এতে রণবীর এবং দীপিকার পর্দা-রসায়ন দর্শকদের মন জয় করেছে।

দীপিকাকে এরপর দর্শকরা দেখতে পাবেন ‘ফাইন্ডিং ফ্যানি’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায়। ‘হাপি নিউ ইয়ার’ সিনেমায় ফারাহ খানের পরিচালনায় দীপিকা আবারও জুটি বাঁধবেন শাহরুখের সঙ্গে।

২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন দীপিকা।