সঞ্জয়ের অপেক্ষায় হিরানি
বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত জেল থেকে ছাড়া পাওয়ার পরই মুন্নাভাই সিরিজের তৃতীয় সিনেমার কাজে হাত দেবেন বলে জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে হিরানি বলেন, মুন্নাভাই সিনেমা সঞ্জয়কে ছাড়া বানানো সম্ভব নয়।
হিরানি বলেন, “এখন সঞ্জয় আমাদের সঙ্গে নেই। তিনি যেদিন মুক্তি পাবেন তারপরই আমরা সিনেমার কাজ শুরু করব।”
মুন্নাভাই সিরিজের প্রথম দুটি সিনেমায় দুটি ভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল। পরবর্তী সিনেমার কাহিনি কী নিয়ে সাজানো হবে জানতে চাইলে হিরানি সংবাদমাধ্যমটিকে বলেন, “এখনও সিনেমার কাহিনি নিয়ে আলাপ করার সময় হয়নি।”
মুন্নাভাই-খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত বর্তমানে ১৯৯৩ সালের মুম্বাইয়ে বোমা হামলাকারীদের কাছ থেকে অস্ত্র কেনার অপরাধে কারাগারে রয়েছেন।
সঞ্জয় অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’ এবং ‘লাগে রাহো মুন্নাভাই’ সিনেমা দুটি মুক্তির পর সাড়া জাগিয়েছিল বক্স অফিসে। আর তাই কেন্দ্রীয় চরিত্রের অভিনেতার মুক্তির প্রতীক্ষায় আছেন হিরানি।
