২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিসিআই মিউজিক অ্যাওয়ার্ড’

কাতারের দোহায় ৯ম ‘সিসিআই মিউজিক এ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়েছে ১৫ নভেম্বর সন্ধ্যায়। আল আহলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে এবার আজীবন সম্মাননা দেওয়া হয়েছে কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীকে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 06:42 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

আয়োজকরা এই তথ্য জানিয়েছে।

তারা আরও জানিয়েছে, এবার সংগীতের ১৮টি ক্যাটাগরিতে ক্রিটিক ও পপুলার চয়েস-এ ‘৯ম সিসিআই মিউজিক অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়েছে ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলংকার শিল্পীদেরও।

এ বছর সমালোচক বিভাগে পুরস্কার পেলেন-- রবীন্দ্রসংগীতে আজিজুর রহমান তুহিন (আমার প্রিয়ার ছায়া আকাশে), নজরুলসংগীতে ইয়াকুব আলী খান (শুকতারা), উচ্চাঙ্গসংগীতে (কণ্ঠ) তাপস দত্ত (ক্লাসিক্যাল মেলোডি), লোকসংগীতে চন্দনা মজুমদার (তোমার অপার নীলে), আধুনিকসংগীতে ফাহমিদা নবী (অনুুভূতির ছোঁয়াগুলো), নবাগত শিল্পী ক্যাটাগরিতে কোনাল (কোনাল’স জাদু), সংগীতপরিচালক হিসেবে বাপ্পা মজুমদার (বেঁচে থাক সবুজ), শ্রেষ্ঠ গীতিকার হিসেবে শফিক তুহিন (পাগলামি), চলচ্চিত্রের গানের জন্য ‘টেলিভিশন’ সিনেমার ‘হাওয়া হাওয়া’, অ্যালবামের কাভার ডিজাইনার হিসেবে সব্যসাচী হাজরা (ইচ্ছামতি), সাউন্ড ইঞ্জিনিয়ার হাবিব (ক্লাসিক্যাল মেলোডি), সেরা ব্যান্ড এল আর বি (যুদ্ধ), মিউজিক ভিডিও নির্মাতা শুভব্রত সরকার (নীলপরী)।

‘পপুলার চয়েস’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আধুনিক গানে হাবিব (স্বাধীন), সেরা ব্যান্ড এল আর বি (যুদ্ধ), নবাগত শিল্পী কোনাল (কোনাল’স জাদু), সিনেমার গানে টেলিভিশন (কানামাছি), ফিউশনে শহীদ (একজীবনে-২)।

‘মানুষের জন্য গান’ শিরোনামের এই আয়োজনে বাংলাদেশের নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনাও ছিল। এতে ভারত ও নেপালের শিল্পীরাও অংশ নেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, আইয়ুব বাচ্চু, জেমস, শাকিলা জাফর, তপন চৌধুরী, মমতাজ, সেলিম চৌধুরী, শাহনাজ বেলী, মনির খান, রিজিয়া পারভীন, শফিক তুহিন, বালাম, কনা, হাবিব, দিনাত জাহান মুন্নি, নকুল কুমার বিশ্বাস, ঝিলিক, কোনাল, রোমেল প্রমুখ।

সিনেমার গানের সঙ্গে মঞ্চে নেচেছেন ববিতা, রাজ্জাক, মৌসুমী, ওমর সানী, নিপুন, মিশা সওদাগর, ফেরদৌস ও তিশা। প্রবাসীদের সুখ-দুঃখ নিয়ে মঞ্চে পারফর্ম করেন জিল্লুর রহমান, শহিদুল আলম সাচ্চু, শামস সুমন, রেজনুর হরমান।

বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন সৈয়দ আবদুল হাদী, রাজ্জাক, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, ববিতা, শাকিলা জাফর, আফজাল হোসেন, তপন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনা করেন শহিদুল আলম সাচ্চু।