টেম্পল রান নিয়ে সিনেমা
সিনেমা নির্মাণের জন্য অ্যান্ড্রয়েডের জনপ্রিয় গেইম ইমানগি স্টুডিওসের ‘টেম্পল রান’-এর স্বত্বাধিকার কিনে নেওয়ার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রাদার্স।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, গেইমটিকে সিনেমায় রূপায়নের পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। আর সিনেমাটি প্রযোজনা করবেন ডেভিড হেম্যান।
এস শোবিজ জানায়, জর্জ ক্লুনি এবং সান্ড্রা বুলক অভিনীত ‘গ্র্যাভিটি’ প্রযোজনার পর এবার হেইডে ফিল্মসের ব্যানারে ‘টেম্পল রান’ নিয়ে নির্মিতব্য সিনেমার প্রযোজনাতেও থাকবেন ডেভিড হেম্যান।
২০১১ সালে প্রথম ‘টেম্পল রান’ গেম লঞ্চ করে ইমানগি স্টুডিওস। আর এরপর অ্যান্ড্রয়েডনির্ভর মোবাইল ডিভাইসগুলোতে জনপ্রিয় হয়ে ওঠে গেইমটি।
নির্মিতব্য সিনেমাতে দেখা যাবে একজন একটি মন্দির থেকে একটি প্রাচীন মূর্তি চুরি করে পালিয়ে যাচ্ছে; আর তার পিছু নিয়েছে কিছু ভয়ানক প্রাণী।
সিনেমার পরিচালক এবং চিত্রনাট্যকার এখনও নিশ্চিত করেনি ওয়ার্নার ব্রাদার্স।
