সাত রূপে তমা
রয়েল বাবু পরিচালিত ‘সমসাময়িক’ সিনেমায় ভিন্ন সাতটি ভূমিকায় অভিনয় করবেন তমা মির্জা। ২৬ নভেম্বর থেকে শুরু হবে এ সিনেমার শুটিং।
গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন তমা।
এ বিষয়ে তিনি গ্লিটজকে জানান, ‘সমসাময়িক’ সিনেমায় দেখা যাবে গ্রামের একটি মেয়ে ভাগ্যান্বেষণে শহরে আসেন। স্বপ্ন পূরণের লক্ষ্যে তমা ছয়টি রূপ ধারণ করেন। তমার জীবনের নানা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।
এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন ইমন ও সায়মন।
শাহনেওয়াজ কাকলীর ‘ঢেউ’ সিনেমায় তমা তিনটি চরিত্রে অভিনয় করবেন। গ্রামীণ পটভূমিকায় নির্মিত এ সিনেমায় তমা অভিনয় করছেন এক জেলের স্ত্রীর ভূমিকায়। জেলে চরিত্রে অভিনয় করছেন নিরব। এ সিনেমার অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রাণ রায়।
এখন তমা অভিনীত ‘তোমার কাছে ঋণী’ সিনেমাটি মুক্তির দিন গুণছে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন সায়মন।
তিনি চুক্তিবদ্ধ হয়েছেন শাহাদাৎ হোসেন লিটনের ‘মন বোঝে না’ ও মোস্তাফিজুর রহমান বাবুর ‘প্রেমের অধিকার’ সিনেমায়। ‘প্রেমের অধিকার’ সিনেমায় তমার বিপরীতে অভিনয় করবেন অভি।
এমবি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তমার। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। চলতি বছর মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা। সিনেমা দুটি হল-- কাজী হায়াতের ‘ইভটিজিং’ ও শফিকুল ইসলাম সোহেলের ‘তোমার মাঝে আমি’।
তমা বলেন, “বাণিজ্যিক সিনেমার পাশাপাশি আর্ট ফিল্মেও অভিনয় করতে চাই। জীবনঘনিষ্ঠ গল্পের দিকেই আমার ঝোঁক।”
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ গল্পের ভিত্তিতে কোনো সিনেমা নির্মিত হলে তাতে মৃন্ময়ী চরিত্রে অভিনয় করার অভিপ্রায় ব্যক্ত করেন তমা।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী তমা ভবিষ্যতে ব্যারিস্টারি পড়তে চান। এ দেশের হতদরিদ্র মানুষের আইনি অধিকারের জন্য লড়বেন বলে আশা করেন তিনি।
অভিনয় ছেড়ে দেবেন কিনা জানতে চাইলে তমা বলেন, “শখের বশে অভিনয় শুরু করলেও এটা এখন আমার নেশা। এটা সহজে ছাড়তে পারব না। আর ব্যারিস্টার হওয়ার ইচ্ছাও বহুদিনের। বাকিটা সময় বলবে।”
