আনুরাগ-কালকির সংসারে ভাঙন
বলিউডি নির্মাতা আনুরাগ কাশ্যাপ এবং তার অভিনেত্রী স্ত্রী কালকি কোচিনের সংসারে বেজেছে ভাঙনের সুর। ডিভোর্স না হলেও আপাতত কিছুদিনের জন্য আলাদা থাকবেন এই দম্পতি।
নিজেদের দাম্পত্য কলহের বিষয়টি জনসম্মুখে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করেছেন এই জুটি।
বিবৃতিতে আনুরাগ বলেন, “আমি এবং কালকি আপাতত আলাদাভাবে বসবাস করব। নিজেদের সমস্যা দূর করার জন্য কিছুদিন সময় নেব। আমরা সংবাদমাধ্যমকে অনুরোধ জানাচ্ছি আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার জন্য এবং কোনো গুজব সৃষ্টি না করার জন্য।”
২০১১ সালে কালকির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুরাগ। এর আগে আনুরাগের স্ত্রী ছিলেন আরতি বাজাজ। আরতির সঙ্গে একটি মেয়ে সন্তান রয়েছে তার।
তবে এই দম্পতির আনুষ্ঠানিক বিবৃতির অনেক আগে থেকে মিডিয়াতে শোনা যাচ্ছে তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন। স¤প্রতি কালকিকে দেখা গেছে বন্ধুদের সঙ্গে গোয়া শহরে ছুটি কাটাতে, কিন্তু তার সঙ্গে ছিলেন না আনুরাগ।
বর্তমানে ‘হ্যাপি এন্ডিং’ সিনেমায় অভিনয় করছেন কালকি। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে সাইফ আলি খান, প্রীতি জিনতা এবং কারিনা কাপুর খানকে।
অন্যদিকে আনুরাগ কাশ্যাপ ব্যস্ত আছেন তার সিনেমা ‘বোম্বে ভেলভেট’ নির্মাণের কাজে। দুটি সিনেমাই মুক্তি পাবে ২০১৪ সালে।
