ভোজন রসিক জেনিফার
চকলেট এবং হটডগ সামনে পেলেই খেতে শুরু করেন অস্কারজয়ী হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্স। এমনকি নিজেকে আকর্ষণীয় রাখার জন্যও ডায়েট করতে নারাজ তিনি।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ‘হাঙ্গার গেমস’ সিনেমার শুটিংয়ের সময় ২৩ বছর বয়সী ওই অভিনেত্রীর খাবার-প্রীতি সম্পর্কে জানা যায়।
ফিমেলফার্স্টের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সুজান কলিনসের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন জেনিফার। নিজেকে ফিট রাখতে এবং আকর্ষণীয় ফিগারের জন্যও ডায়েট করতে নারাজ ওই অভিনেত্রী।
জেনিফার বলেন, “আমি বরাবরই খাবারের প্রতি দুর্বল। ‘হাঙ্গার গেমস’ সিনেমার শুটিং চলাকালে আমি নিজেকে অনেক বুঝিয়েছি যে এভাবে খেতে নেই, সবাই দেখে ফেলবে। তবে তাতে কাজ হয়নি। ক্যান্ডি এবং হটডগ পেলে আমার আর কোনো দিকেই খেয়াল থাকে না।”
এক্স-ম্যান সিরিজের পরবর্তী সিনেমা ‘এক্স-ম্যান: ডেইজ ওফ ফিউচার পাস্ট’-এর জন্য নিয়মিত ব্যায়াম করার প্রয়োজন জেনিফারের। কিন্তু সেটাও করতে পারেন না তিনি।
জেনিফার বলেন, “এক্স-ম্যান সিরিজের সিনেমার কাজ শুরু হয়েছে। আমি ভেবেছিলাম এ সুযোগে ব্যায়াম করা হবে। তাও হয়ে উঠছে না।”
