রামলীলার মুক্তি স্থগিত
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন অভিনীত বলিউডি সিনেমা ‘রামলীলা’র মুক্তির তারিখ পেছানোর নির্দেশ দিয়েছে দিল্লি আদালত।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ১৫ নভেম্বর সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘রামলীলা’র মুক্তির তারিখ ধার্য হলেও সিনেমার মুক্তি স্থগিত করেছে দিল্লি আদালত। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ইরোস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত সিনেমাটির মুক্তি স্থগিত থাকবে।
সিনেমার বিরুদ্ধে ৬টি পিটিশন পেশ করা হয়েছে আদালতে। এরমধ্যে উল্লেখযোগ্য হল প্রভু সমাজ ধার্মিক কমিটির উল্লিখিত অভিযোগ। তাদের অভিযোগ অনুসারে সিনেমাটির বেশ কিছু দৃশ্য হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় চেতনায় আঘাত করেছে।
তারা আরও অভিযোগ করেছে, ‘রামলীলা’ নাম শুনে দর্শকরা ভাবতে পারেন দেবতা রামের জীবনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। আর ওই ধারণা নিয়ে সিনেমাটি দেখলে দর্শকদের আশাভঙ্গ হতে পারে। সিনেমাটিতে বেশ কিছু রগরগে দৃশ্য তুলে ধরা হয়েছে যা তাদের ধর্মীয় মনোভাবে আঘাত করতে পারে।
তাই সিনেমাটির নাম পরিবর্তনের আবেদনও জানিয়েছে তারা।
এর আগে একটি এনজিও সিনেমাটি নিষিদ্ধ করার জন্য আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। উল্টো ওই এনজিওকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটক অবলম্বনে ‘রামলীলা’ সিনেমাটি নির্মিত হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন নির্মাতারা।
