ডিলানকে নিয়ে ছুটিতে যাবেন রবার্ট
কিছুদিন ধরেই হলিউডে জোর গুজব-- ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে বিচ্ছেদের পর সিনিয়র অভিনেতা শন পেনের মেয়ে ডেলান পেনের সঙ্গে প্রেম করছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন। সেই গুজবের পালে হাওয়া লাগাতেই যেন রবার্ট এবার ডিলানকে নিয়ে পরিকল্পনা করছেন হাওয়াই দ্বীপে একটি রোমান্টিক অবকাশ যাপনের।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের তথ্য অনুযায়ী, কিছুদিন ধরে বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই ডিলানের সঙ্গে দেখা যাচ্ছে রবার্টকে। প্রেমিক-প্রেমিকা হিসেবে নিজেদের এখনও জাহির না করলেও তারা একে অপরের সঙ্গে প্রায়ই সময় কাটাচ্ছেন বলেও জানা গেছে। তারই ধারাবাহিকতায় এবার ডিলানকে নিয়ে হাওয়াই দ্বীপে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন রবার্ট ।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলিস্টারকে এ ব্যাপারে এক সূত্র বলেছে, “প্রায় ১ মাস ধরেই ডিলানের সঙ্গে সময় কাটাতে শুরু করেছেন রবার্ট। এবার তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন রব।”
ডিসেম্বর মাসেই একটি জমকালো ছুটি কাটানোর পরিকল্পনা করছেন নতুন ওই হলিউডি জুটি।
২০০৮ সালে ‘টোয়াইলাইট’ সিনেমার সেটে সহঅভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রবার্ট। পরবর্তীতে লস এঞ্জেলেসের একটি বাড়িতে তারা একত্রে থাকাও শুরু করেন।
২০১২ সালের সিনেমা ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’-এর পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে রবার্টের সঙ্গে বিচ্ছেদ ঘটে ক্রিস্টেনের। পরে একাধিকবার তাদের সম্পর্ক জোড়া লাগার খবর পাওয়া গেলেও শেষ পর্যন্ত প্রেমের ইতি ঘটানোর সিদ্ধান্ত নেন ওই জুটি।
চলতি বছরের মাঝামাঝিতে ক্রিস্টেনের লস এঞ্জেলেসের বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন রবার্ট। তখন থেকেই বেশ কয়েকজন অভিনেত্রী ও মডেলের সঙ্গে তার প্রেমের খবর ছড়ালেও শেষপর্যন্ত সবই প্রমাণিত হয়েছে গুজব হিসেবে।
