সেন্সরে যাচ্ছে ‘হেডমাস্টার’
চলতি সপ্তাহে সেন্সরে যাচ্ছে চলচ্চিত্র নির্মাতা দেলওয়ার জাহান ঝন্টুর ‘হেডমাস্টার’। ঝন্টুর প্রতিষ্ঠান মুভিবাজারের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, সুবর্ণা মুস্তাফা, বন্যা মির্জা, বিথি সরকার ও আরজু।
গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন সিনেমার প্রধান সহকারী পরিচালক সাইমন জাহান। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
সাইমন জানান, সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন ঝন্টু।
সিনেমাতে দেখা যাবে, গ্রামের এক স্কুলের প্রধান শিক্ষকের (আলমগীর) বাড়িতে গৃহকর্মীর কাজ করে লতিফা (বন্যা মির্জা)। সারাবেলা ঘরকন্না সামলে রাতে সে আলমগীরের কাছে পড়তে বসে। লতিফা স্নাতক পাস করে। এরপর সে ফিরে যায় নিজের গ্রামে। একদিন প্রধান শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দেখেন, লতিফা শিক্ষামন্ত্রী হয়েছে।
এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন আনোয়ার জাহান ঝন্টু।
সাইমন জানান, আগামী বছর জানুয়ারিতে ‘টাইমমেশিন’ নামে সাই-ফাই সিনেমা বানাবেন তারা। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। এ সিনেমারও চিত্রনাট্য লিখেছেন দেলওয়ার জাহান ঝন্টু।
