বাংলা শিখবেন শাহরুখ
বলিউডের বাঙালি অভিনেত্রী জয়া বচ্চনের কাছে বাংলা শিখতে চান শাহরুখ খান। কলকাতায় ১৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান তার এ অভিপ্রায় ব্যক্ত করেন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ১০ নভেম্বর ১৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং কামাল হাসান। জয়া বচ্চনের কাছে বাংলা ভাষা শিখে বাঙালিদের সঙ্গে একাত্ম হতে চান শাহরুখ।
অনুষ্ঠানে শাহরুখ বলেন, “কলকাতাকে অত্যন্ত ধন্যবাদ যে তারা এমন একটি সুযোগ আমাকে দিয়েছে। আমি গত তিন বছর ধরে এই অনুষ্ঠানের একটি অংশ হয়ে আছি। আগামী বছরও যদি আসতে পারি তাহলে আমি সবার সঙ্গে বাংলায় কথা বলব। জয়া আন্টি আমাকে বাঙালিদের সঙ্গে মেলাতে পারবেন।”
শাহরুখ আরও বলেন, “আমি আগামী বছর এখানে আসার আগে জয়া আন্টির কাছ থেকে বাংলা শিখে আসবো। আমি বাংলাতেই সবাইকে শুভেচ্ছা জানাবো।”
অমিতাভ এবং কামাল হাসানের পাশাপাশি শাহরুখও কেআইএফএফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি মনে করেন কলকাতা চলচ্চিত্র উৎসব ভারতীয় সিনেমাকে আরও জনপ্রিয়তা এনে দিতে সাহায্য করবে।
শাহরুখ বলেন, “এ ধরনের অনুষ্ঠান আমাদের জীবনে আনন্দ বয়ে আনে। আমি মনে করি এ ধরনের অনুষ্ঠান ভারতীয় চলচ্চিত্রকে আরও বেশি সম্মানজনক স্থানে নিয়ে যাবে। আর এর ফলে যারা এখন সিনেমা নির্মাণ করছেন এবং ঋতুপর্ণ ঘোষের মতো যারা চলে গেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে।”
