শচীনকে সম্মান জানালেন আমির
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে সম্মান জানাতে আমির খান তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ধুম থ্রি’র টাইটেল সং উৎসর্গ করেছেন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, আমির শচীনের একজন ভক্ত। শচীন এবং তার ভক্তদের জন্য পরবর্তী সিনেমার টাইটেল সং ‘ধুম মাচালে’ গানটি উৎসর্গ করতে চান আমির এবং সিনেমাটির সঙ্গে যুক্ত সকলে।
আমির বলেন, “শচীন ভারতের অহংকার। তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন। তার কারণেই আমরা ভালো কিছু ভাবতে শিখেছি। তার অবসর আমাদের মধ্যে শূন্যতা তৈরি করবে।”
আমির আরও বলেন, “শচীন তার ক্যারিয়ার জুড়ে ধুম তৈরি করেছেন মাঠে এবং দর্শকদের মনে। যে কোনো বোলারের জন্য ত্রাস ছিলেন তিনি। আবার অন্যদিকে পৃথিবীর সব ক্রিকেট ভক্তের জন্য তিনি ছিলেন আদর্শস্বরূপ। আর তাই আমরা ‘ধুম থ্রি’-এর ‘ধুম মাচালে’ টাইটেল সংটি শচীনের উদ্দেশ্যে উৎসর্গ করতে যাচ্ছি।”
মুম্বাইয়ে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই শচীনের উদ্দেশ্যে গানটি উৎসর্গ করা হবে বলে জানা গেছে।
বলিউডি অ্যাকশন সিনেমা ‘ধুম’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ধুম থ্রি’ চলতি বছর বড়দিনের মৌসুমে ২০ ডিসেম্বর মুক্তি পাবে। সিনেমাতে খলচরিত্রে অভিনয় করেছেন আমির খান। এতে আরও আছেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া এবং ক্যাটরিনা কাইফ।
