হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওন
কথাসাহিত্যিক, নাটক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালনের জন্য প্রয়াত লেখকের ভক্ত ও অনুরাগীদের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
এ বিষয়ে শাওন গ্লিটজকে বলেন, “আমি চাই তার জন্মদিন বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে পালন করা হোক। এ দিনটি সবার। সবাই মিলে দিনটি পালন করবে বলে আমার বিশ্বাস। এটা জাতীয়ভাবে পালন করার মতো একটি দিন।”
শাওন জানান, হুমায়ূন আহমেদের জন্মদিনে অনেক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে। এর মধ্যে চ্যানেল আই হুমায়ূন মেলা করছে। তার বইয়ের প্রকাশকরা মিলে শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে বইমেলার আয়োজন করছেন। এই দুটি অনুষ্ঠানের সঙ্গে শাওন সরাসরি জড়িত আছেন।
তিনি আরও জানিয়েছেন, দিনটি উপলক্ষে লন্ডনের বাংলা টিভি চ্যানেল এস একটি অনুষ্ঠান করছে। ‘যদি মন কাঁদে তবে চলে এস’ শিরোনামের অনুষ্ঠানটি লন্ডন সময় রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে। রেকর্ডকৃত অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের মতামত জানাবেন। মাছরাঙা টিভির বিশেষ অনুষ্ঠান ‘বহুমাত্রিক হুমায়ূন’-এর সঞ্চালনাও করছেন তিনি।
‘বহুমাত্রিক হুমায়ূন’ সম্পর্কে শাওন জানান, এতে অতিথি হিসেবে আছেন সৈয়দ শামসুল হক। সেই সঙ্গে যোগ দেবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অভিনেতা তারিক আনাম খান ও সংগীতশিল্পী সুবীর নন্দী। অনুষ্ঠানের শেষ অংশে তার সঙ্গে থাকবে প্রয়াত লেখকের দুই ছেলে নিষাদ ও নিনিত। আবুল হোসেন খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৩ নভেম্বর রাত ৮টায়।
১৩ নভেম্বর আরও কয়েকটি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে শাওনের।
