২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি পারিশ্রমিকের শীর্ষে সালমান

টিভিপর্দায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউডি তারকা এখন সালমান খান। শাহরুখ খান, আমির খান আর অমিতাভ বচ্চনের মতো তারকার উপস্থিতি সত্ত্বেও পারিশ্রমিকের হিসেবে ছোটপর্দায় সালমানের আধিপত্য এতটাই বেশি যে, চির প্রতিদ্বন্দ্বী শাহরুখ খানের দ্বিগুণ পারিশ্রমিক নিয়ে টিভি শোগুলোতে কাজ করছেন তিনি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 10:04 AM

Updated : 25 Apr 2022, 07:30 PM

টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, রিয়েলিটি টিভি শো বিগ বসের উপস্থাপনার জন্য সালমান এপিসোড প্রতি পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি। বিগ বসের চলতি সিজনের ২৬টি এপিসোড মিলিয়ে ১৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। যার ফলে টিভি পর্দায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউডি তারকা এখন সালমান। সালমান তার টিভি ক্যারিয়ারের শুরুর দিকের রিয়েলিটি শো ‘ডাস কা দাম’-এর প্রতিটি এপিসোডের জন্য পারিশ্রমিক নিতেন ৮০ লাখ রুপি।

ছোটপর্দায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় আরও আছেন অমিতাভ বচ্চন। ‘কৌন বানেগা ক্রোড়পতি’র প্রথম সিরিজে অমিতাভ এপিসোড প্রতি ২৫ লাখ রুপি পারিশ্রমিক নিতেন। অমিতাভের বর্তমান পারিশ্রমিকের সঠিক অংকটি এখন নিশ্চিত না হলেও প্রতি এপিসোডে তিনি ৩.৫ থেকে ৫ কোটি রুপি পাচ্ছেন বলে ধারণা করা হয়।

অন্যদিকে ‘সত্যমেভ জয়তে’ দিয়ে ২০১২ সালে ছোট পর্দায় অভিষেক হয়েছিল আমির খানের। ছোট পর্দায় ক্যারিয়ারের শুরুতেই এপিসোড প্রতি আমির পারিশ্রমিক নিয়েছেন ৩ কোটি রুপি।

তবে টিভি শোর হিসেবে অন্যদের তুলনায় দুর্ভাগাই বলতে হবে বলিউডের কিং খান শাহরুখকে। তিনটি রিয়েলিটি টিভি শো উপস্থাপনা করেও খুব একটা সাড়া পাননি দর্শকদের কাছ থেকে।

২০১১ সালে ‘জোর কা ঝাটকা’ উপস্থাপনার সময় এপিসোড প্রতি শাহরুখ পারিশ্রমিক নিয়েছিলেন ২.৫ কোটি রুপি, যা এখন পর্যন্ত ছোট পর্দায় শাহরুখের সর্বোচ্চ পারিশ্রমিক।