আসছে ‘আকাশ কত দূরে’
সামিয়া জামান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘আকাশ কত দূরে’ মুক্তি পাচ্ছে ৬ ডিসেম্বর। ভার্সা মিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্ম এটি প্রযোজনা করেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া, অঙ্কন, রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ, মিশা সওদাগর প্রমুখ।
ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গান রচনা করেছেন জুলফিকার রাসেল।
দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ছবিটি মুক্তি দিতে বেশ দেরি হয়ে গেছে বলে গ্লিটজকে জানালেন সামিয়া।
২০১০-এ সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয় ২০১১-তে, শেষ হয় ২০১২ সালে। ২০১৩-এর এপ্রিলে পাওয়া যায় পূর্ণাঙ্গ সেন্সর সার্টিফিকেট।
সামিয়া বলেন, “ইচ্ছা ছিল এ বছর ফেব্রুয়ারিতে মুক্তি দেব। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অনুকুল ছিল না। দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও ভালো না। কিন্তু এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাই আর দেরি না করে ৬ ডিসেম্বরেই মুক্তির দিন স্থির করেছি।”
ছবিটির চিত্রগ্রাহক খায়ের খন্দকার। সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু ও বেলাল খান। আবহসংগীত করেছেন সুজন বিন ওয়াদুদ। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, কণা, বেলাল খান, খেয়া, প্রান্তি প্রমুখ।
বাবা-মা হারা বিচ্ছু (অঙ্কন) ও পরীকে (ফারিয়া) নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। ‘আকাশ কত দূরে’র কাহিনির একটা বড় অংশ জুড়ে আছে ছিন্নমূল শিশুদের জীবন। অসহায় শিশুদের কীভাবে অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলা হয় সেটাও খানিকটা তুলে ধরা হয়েছে এখানে। তবে সবটাই উপস্থাপন করা হয়েছে শিশুদের উপযোগী করে।
শিশুদের বিনোদনের বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন সামিয়া। ছিন্নমূল মানুষের জীবনে কঠোর সংগ্রামের পাশাপাশি পরস্পরের প্রতি মানবিক অনুভূতি ও সহমর্মিতার দিকটাও তুলে ধরা হয়েছে এখানে।
চার্লস ডিকেন্সের বিখ্যাত বই অলিভার টুইস্টের সঙ্গে কাহিনির মিল রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সামিয়া বলেন, “অলিভার টুইস্টের বাংলা অনুবাদ এটা অবশ্যই নয়। তবে অবচেতনভাবে কিছুটা প্রভাব থাকতে পারে। যে মমতা ও সহানুভূতির সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের চরিত্র আঁকেন ডিকেন্স তার কিছুটা হয়তো চোখে পড়বে ‘আকাশ কত দূরে’ সিনেমায়।”
সামিয়া আরও বলেন, “আমি চেয়েছি শিশুদের সুস্থ বিনোদন দিতে, সেই সঙ্গে ছিন্নমূল মানুষের জীবন সংগ্রাম, বিশেষ করে পথশিশুদের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তুলতে।”
বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাস ও বলাকা সিনেওয়ার্ল্ডে মুক্তি পাচ্ছে ‘আকাশ কত দূরে’। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আপাতত আকাশ কত দূরের মুক্তি এবং আনুষঙ্গিক বিভিন্ন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সামিয়া। ভবিষ্যতে আরও দুটো ছবি নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।
ময়মনসিংহ গীতিকার বিভিন্ন চরিত্র নিয়ে সৈয়দ শামসুল হকের লেখা একটি স্ত্রিপ্টের উপর কাজ করার কথা ভাবছেন তিনি। আর এখনকার তরুণদের নিয়ে একটি সিনেমা নির্মাণের ইচ্ছে রয়েছে তার।
২০১৪ সালের শেষ নাগাদ এ কাজগুলোতে হাত দিতে পারবেন বলে আশা প্রকাশ করলেন তিনি।
‘রানিকুঠির বাকি ইতিহাস’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে পরিচালক ও নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান। ‘আকাশ কত দূরে’ তার দ্বিতীয় চলচ্চিত্র।
