দীপিকার মূল্যবোধ
ভালোবাসা ও বিয়ের ক্ষেত্রে পুরনো ধ্যানধারণা ও মূল্যবোধে বিশ্বাস করেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, দীপিকা বর্তমানে ‘রামলীলা’ সিনেমার প্রচারণায় ব্যস্ত আছেন। শেক্সপিয়ারের নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে গড়ে উঠেছে রামলীলার কাহিনি। এতে একজন সাহসী নারীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। তার বিপরীতে রয়েছেন রণবীর সিং।
ভালোবাসা নিয়ে দীপিকা বলেন, “প্রেমের ক্ষেত্রে পুরনো মূল্যবোধে বিশ্বাস করি। আমি বড় হয়েছি মা-বাবা এবং পরিবারের সান্নিধ্যে। আর প্রেম, সম্পর্ক এবং বিয়ের ক্ষেত্রে আমি কিছুটা পুরনো ধারণা পোষণ করি।”
সঞ্জয় লীলা বনসালির পরিচালনায় ‘রামলীলা’ সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম কঠিন সিনেমা ছিল বলে মন্তব্য করেন দীপিকা।
দীপিকা বলেন, “এ পর্যন্ত আমি যতগুলো সিনেমা এবং চরিত্রে অভিনয় করেছি তার মধ্যে ‘রামলীলা’ হল সবচেয়ে কঠিন। কারণ আমি যখন শুটিংয়ে যেতাম তখন আগে থেকে কিছুই জানতাম না। শুটিং শুরু হলে সঞ্জয় লীলা বনসালি আমাদের তার মতো করে প্রতিটি দৃশ্য বুঝিয়ে দিতেন।”
সিনেমাটিতে বেশ কয়েকটি গানের সঙ্গে নাচতে হয়েছে দীপিকাকে। তবে এর জন্য কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেননি তিনি।
দীপিকা বলেন, “আমি যখন স্কুলে পড়তাম তখন ভরতনাট্যম শিখেছিলাম। তবে এই সিনেমার জন্য আমার তেমন কোনো প্রশিক্ষণ নিতে হয়নি। ‘ওম শান্তি ওম’ সিনেমার শুটিংয়ের আগে ৬ মাস আমি কত্থক শিখেছিলাম।”
