২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেহমানের নামে কানাডার সড়ক

‘আল্লাহ-রাখা রেহমান স্ট্রিট’-এখন থেকে এ নামে পরিচিত হবে কানাডার অন্টারিও প্রদেশের একটি সড়ক। অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রেহমানের সম্মানে রাখা হয়েছে টরোন্টোর মার্কহ্যাম এলাকার ওই রাস্তার নাম।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 05:05 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

‘মাদ্রাজের মোজার্ট’ হিসেবে বিশ্বখ্যাত এ আর রেহমান সম্প্রতি কানাডা গিয়েছিলেন ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ টরোন্টো’(আইআইএফএফটি)-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখানেই রেহমানের নামে সড়কটির নামকরণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নিজের নামাঙ্কিত ওই সড়কের ফলকটি হাতে নিয়ে তোলা একটি ছবিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করেন রেহমান।

এ বিষয়ে রেহমানের ছবিসহ টুইটটি ছিল এ রকম-- “আমার সড়কে স্বাগতম!”

অনুষ্ঠানটিতে রেহমানের জন্য একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। আইআইএফএফটি এ বছর উদযাপন করছে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ; এই উপলক্ষে তাদের নানাবিধ উদ্যোগের অন্যতম ছিল রেহমানের সম্মানে করা ওই আয়োজন।

মার্কিন সাময়িকী টাইমে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং সৃজনশীল সংগীত পরিচালক হিসেবে স্বীকৃত এ আর রেহমান ড্যানি বয়েলের ২০০৮ সালের সিনেমা ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর জন্য ৮১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে জয় করেন ‘বেস্ট অরিজিনাল স্কোর’ এবং ‘বেস্ট অরিজিনাল সং’য়ের অস্কার। ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘পদ্ম ভূষণ’জয়ী রেহমানের ঝুলিতে আছে দুটি গ্র্যামি, বাফটাসহ আরও অনেক আন্তর্জাতিক সম্মাননা।

আন্তর্জাতিক সংগীতজগতে দারুণ জনপ্রিয় রেহমান পরিচিত ভারতীয় লোকসংগীত এবং উপমহাদেশের সুফী ধুনের সঙ্গে পাশ্চাত্যের সুরের সংমিশ্রণে তৈরি সাউন্ডট্র্যাকের জন্য। চেন্নাইয়ে জন্ম নেওয়া রেহমান নব্বইয়ের দশকের শুরু থেকে ‘বম্বে’, ‘রাঙ্গিলা’, ‘দিল সে’র মতো সিনেমার মাধ্যমে বলিউডে জায়গা করে নিয়েছেন প্রথম সারির একজন সংগীত পরিচালক হিসেবে।