গঙ্গা-যমুনা নাট্যোৎসবে পদাতিক
ভারতের গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্যদল পদাতিক নাট্য সংসদ (টিএসসি)। ভারতের নাট্যদল অনিক থিয়েটারের রজতজয়ন্তী উপলক্ষে ৭ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলছে এ উৎসব।
কলকাতার বালুঘাট নাট্যতীর্থে চলছে এ নাট্যোৎসব।
পদাতিক নাট্য সংসদের দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল গ্লিটজকে জানান, উৎসবের শেষদিন পদাতিক মঞ্চস্থ করবে ৩৬তম প্রযোজনা ‘ম্যাকবেথ’। এটি হবে ম্যাকবেথের দশম মঞ্চায়ন।
উইলিয়াম শেক্সপিয়ারের রচনা থেকে ‘ম্যাকবেথ’ নাটক অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক। এর নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী, পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক জলি। সংগীত পরিচালনা করেছেন শিশির রহমান।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, ওয়ালিদ খান, হামিদুর রহমান পাপ্পু, সায়েকা, অশোক বিশ্বাস, জনি খাদেম, শুভ চৌধুরী, মশিউর রহমান, ইকরাম সরকার।
