তিন ধারাবাহিকে তন্নি
তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ইশরাত তন্নি। তিনটি ধারাবাহিক হল শাহাদাৎ হোসেন সুজনের ‘বিশাখা’, মুরাদ পারভেজের ‘রেস্টুরেন্ট ২১’, জাহিদ হাসানের ‘টো টো কোম্পানি’। বিশাখা নাটকে তন্নি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
বিশাখা নাটকে তন্নি অভিনয় করেছেন পিতৃহীন মেয়ের ভূমিকায়। এতে দেখা যাবে, তন্নির বাবা মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তন্নিকে নানাভাবে নির্যাতন করেন তারা। তাকে রক্ষা করতে এগিয়ে আসেন সৎ বোন রিচি সোলায়মান। এরপর তন্নি ভালোবেসে বিয়ে করেন ইউসুফ রাসেলকে। কিন্তু রাসেলের পরিবার তন্নিকে মেনে নেয় না। দুবোনের ভালোবাসা ও পারিবারিক নানা টানাপড়েনের গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।
‘টো টো কোম্পানি’ নাটকে তন্নি অভিনয় করেছেন দুরন্ত এক কলেজ ছাত্রীর ভূমিকায়। তন্নির দুর্ধর্ষ বাহিনির অত্যাচারে কলেজের বন্ধুরা অতিষ্ঠ হয়ে ওঠে।
‘বিশাখা’ নাটকটি এশিয়ানটিভিতে, ‘রেস্টুরেন্ট ২১’ দেশটিভিতে, ‘ টো টো কোম্পানি’ এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে।
তন্নি ফেরদৌস হাসান রানার ২৬ পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করবেন। নাটকটির নাম এখনও নির্ধারণ হয়নি। নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে।
তন্নি বলেন, “ভালো চিত্রনাট্য ও চরিত্র পেলে যে কোনো মাধ্যমেই অভিনয় করতে চাই। একজন সুঅভিনেত্রী হতে চাই আমি। আমার কাজের মাধ্যমেই দর্শক আমাকে মনে রাখবে, এটাই আমার স্বপ্ন।”
অভিনেত্রী তন্নি তার ক্যারিয়ার শুরু করেন মঞ্চদল অধুনাতে। তিনি অভিনয় করেছেন ‘রক্তকরবী’ ও ‘মলুয়া সুন্দরী’ নাটকে। ২০০৮ সালে মঞ্চস্থ ‘মলুয়া সুন্দরী’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে তার। তন্নি সিদ্ধান্ত নেন, অভিনেত্রী হবেন।
তন্নি গ্লিটজকে বলেন, “অভিনয় শেখার আসল জায়গা হল মঞ্চ। মঞ্চের অভিজ্ঞতাই টিভি নাটকে স্বচ্ছন্দ করেছে আমাকে। যে মাধ্যমেই কাজ করি, মঞ্চের প্রতি আমার অন্যরকম টান।”
তন্নি সম্প্রতি একটি জুয়েলারির মডেল হয়েছেন।
