২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিনাত হোসেন যুথীর নীলচুড়ি

জিনাত হোসেন যুথীর লেখা টেলিফিল্ম ‘নীলচুড়ি’তে অভিনয় করেছেন শাহরিয়ার শুভ ও শারমিন জোহা শশী। এটি পরিচালনা করেছেন তারিকুল ইসলাম। এতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী ও চিত্রলেখা গুহ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 05:09 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

এ বিষয়ে যুথী গ্লিটজকে বলেন, “সাত মাস আগের লেখা ও নির্মিত নাটকটি ৭ নভেম্বর একটি চ্যানেলে প্রচারিত হবে।”

এতদিন পরে কেন নাটকটি প্রচারিত হচ্ছে এ প্রশ্নের উত্তরে যুথী বলেন, “চ্যানেলের কারণে। বহুদিন ধরে নাটকটি চ্যানেলের কাছে জমা ছিল। আমাদের কিছুই করার নেই। কিছু করার থাকেও না। নির্মাণের পরপরই গেলে আমাদের ভালো লাগে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার আটকে ছিল এটি।”

তিনি নাটকের গল্প সম্পর্কে জানান, সগীর মিয়ার বয়স ৭০ হলেও তিনি তৃতীয় বিয়ে করেন তরুণী আয়নাকে। হঠাৎ একদিন আয়নার উপর ক্ষিপ্ত হয়ে সগীর মিয়া তাকে মারধর করেন এবং তালাক দেন। কিন্তু আয়না চলে যাওয়ার সময় সগীর মিয়া তাকে যেতে দেন না। এদিকে, গ্রামের নিয়ম অনুযায়ী হিল্লা বিয়ে না হলে সগীর মিয়ার ঘরে থাকতে পারবে না আয়না। সগীর মিয়া বুদ্ধি করে তার কর্মচারী সহজ-সরল জমিরের সঙ্গে আয়নার হিল্লা বিয়ে দেন। সগীর মিয়া যা বলেন জমির তাই শোনে। তবে আয়নাকে পেয়ে বদলে যায় জমির। আয়নাকে সে কিছুতেই ছাড়তে চায় না। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘নীলচুড়ি’।

টেলিফিল্মটি মাছরাঙা টেলিভিশনে রাত ৮ টায় প্রচারিত হবে।

সুন্দরী প্রতিযোগতা লাক্স-চ্যানেল আই সুপারস্টারজয়ী এই শিল্পী অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে নাটক, টেলিফিল্ম লিখছেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের এই শিক্ষক বর্তমানে নরওয়ের একটি বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন।