নতুন সিনেমায় জেরার্ড
জনপ্রিয় ভিডিও গেইম ‘কেইন অ্যান্ড লিঞ্চ’-এর সিনেমা সংস্করণে কেইনের ভূমিকায় দেখা যাবে হলিউডি অভিনেতা জেরার্ড বাটলারকে।
যদিও এখন পর্যন্ত পরিচালক এফ গেরি গ্রের সঙ্গে বাটলারের এই চুক্তি চূড়ান্ত হয়নি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে ২০০৯ সালের সিনেমা ‘লো অ্যাবাইডিং সিটিজেন’-এর পর আরও একবার একসঙ্গে কাজ করবেন বাটলার এবং গ্রে,জানিয়েছে কলিডার ডটকম।
এদিকে ওয়েবসাইট হিট ভিশনের খবর অনুযায়ী, লিঞ্চের ভূমিকায় থাকবেন অভিনেতা ভিন ডিজেল। তবে সিনেমাতে ডিজেলের উপস্থিতি এখনও নিশ্চিত নয়।
‘কেইন অ্যান্ড লিঞ্চ’ ভিডিও গেইমটি নির্মাণ করেছে আইও ইন্টার্যাক্টিভ এবং এটি বাজারজাত করেছে এডিওস ইন্টার্যাক্টিভ।
গেইমটির কাহিনি গড়ে উঠেছে কেইন এবং লিঞ্চ নামের দুই চরিত্রকে নিয়ে। কেইন হল মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি এবং লিঞ্চ মানসিকভাবে বিকারগ্রস্ত এক খুনি।
‘কেইন অ্যান্ড লিঞ্চ’ গেইমটি সর্বপ্রথম ২০০৭ সালে মুক্তি পায়।
