বিরতিতে যাচ্ছে ‘লালজমিন’
শূন্যনের প্রযোজনা ‘লালজমিন’-এর মঞ্চায়ন ষাট উদযাপনের মধ্য দিয়ে এর বিরতি টানছেন অভিনেত্রী মোমেনা চৌধুরী। নতুন আরেকটি নাটক মঞ্চে আনার পরিকল্পনা করছেন বলে আপাতত তার একক অভিনীত নাটকটির মঞ্চায়নে বিরতি টানছেন। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
এ বিষয়ে মোমেনা চৌধুরী গ্লিটজকে বলেন, “৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আমার একক অভিনীত নাটক ‘লালজমিনে’-এর ৫৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিতব্য একটি উৎসবে নাটকটির ৫৮তম শো করব ১১ ডিসেম্বর। এবং ৫৯তম শো হবে ১২ অথবা ১৩ ডিসেম্বর। এরপর মঞ্চায়ন ষাটের মধ্য দিয়ে আপাতত এর ইতি টানব।”
মোমেনা আরও বলেন, “মঞ্চপ্রযোজনাটির ৬০তম শো খুবই জাঁকজমকভাবে উদযাপনের পরিকল্পনা করেছি। ডিসেম্বরের শেষে মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির ৬০তম মঞ্চায়ন করছি।”
তিনি জানান, এরপরে আরও একটি একক নাটক নিয়ে মঞ্চে আসছেন। তবে এখন সেটি সম্পর্কে কিছু জানাতে চাননি তিনি।
এ বিষয়ে তার ভাষ্য, “এখন কিছু বলতে চাই না। লালজমিনের মঞ্চায়ন ষাট শেষ হোক। তারপর নতুন নাটকের ঘোষণা দেব।”
