২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্রামের মধ্যে নিজেকে দেখেন শাহরুখ

বলিউডি অভিনেতা শাহরুখ খান তার শিশুসন্তান আব্রামের মধ্যে পরবর্তী প্রজন্মের শাহরুখকে দেখতে পান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 04:56 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, এক সাক্ষাৎকারে নিজের ছেলের সম্পর্কে এই মন্তব্য করেন শাহরুখ। শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, নতুন প্রজন্মের কোনো অভিনেতার মধ্যে তিনি নিজেকে দেখতে পান কি না।

শাহরুখ বলেন, “আমি আব্রামের মধ্যে নিজেকে দেখি। তবে এটি সময়ের ব্যাপার।”

শাহরুখ বলেন, “প্রতি বছরের শুরুতে আমরা অনেক ভালো কিছু পাওয়ার আশা করি। সেটা ভালো সিনেমা হতে পারে বা পুরস্কারও হতে পারে। তবে এ বছর আমি ছোট ছোট বিষয়ের দিকে বেশি নজর দিয়েছি। বড় কিছু পাওয়ার আশায় আমরা ছোট বিষয়গুলো এড়িয়ে যাই।”

তিনি আরও বলেন, “এ বছর আমি বেশিরভাগ সময় আমার সন্তান এবং পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা করি। আমার সন্তানরা বড় হচ্ছে এবং তাদের ব্যস্ততাও বাড়ছে। তাই আমি তাদের সঙ্গে কিছুটা সময় কাটাই।”

শাহরুখ মনে করেন কর্মক্ষেত্রে সাফল্যই একজন মানুষের জীবনের সব নয়। একজন ব্যক্তি কখনও কর্মক্ষেত্রে সবকিছু অর্জন করতে পারেন না।

তিনি বলেন, “কর্মক্ষেত্রে আমি সবকিছু এখনও অর্জন করতে পারিনি। এখনও অনেক কিছু পাওয়া বাকি। প্রতিটি সিনেমাতেই আমি আগের চেয়ে ভালো কিছু করার চেষ্টা করি।”

চলতি বছর সারোগাসির মাধ্যমে শাহরুখের তৃতীয় সন্তান আব্রামের জন্ম হয়।