ব্যস্ত বিউটি
বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে ফের গানের ভুবনে ব্যস্ত হয়ে উঠেছেন কণ্ঠশিল্পী বিউটি। এখন স্টেজ শো, লাইভ প্রোগ্রাম নিয়ে ভীষণ ব্যস্ত তিনি।
বিউটি গ্লিটজকে বলেন, “একক অ্যালবামের পরিকল্পনা করলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তা বাতিল হয়েছে। এখন শুধু স্টেজ শো ও লাইভ প্রোগ্রাম নিয়েই ব্যস্ততা। এভাবেই শ্রোতাদের মধ্যে থাকতে চাই।”
বিউটি জানান, ১৫ নভেম্বর কাতারে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি বাউল উৎসবে যোগ দিবেন তিনি। এরপর ১৮ নভেম্বর বাহরাইনে প্রবাসী বাঙালিদের আয়োজনে আরও একটি আয়োজনে গাইবেন।
বিউটি আরও জানান, ফিরে এসেই দুটি একক অ্যালবামের কাজ শুরু করবেন। একটি হবে মৌলিক গানের, অন্যটি লালনগীতির।
অ্যালবাম দুটি প্রসঙ্গে বিউটি বলেন, “মৌলিক গানের অ্যালবামে আমি ফোক ধাঁচের গানকেই প্রাধান্য দেব। লালনগীতির অ্যালবামে কোন পরীক্ষা-নিরীক্ষায় যাব না। এ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের কাছে লালনগীতির শুদ্ধ স্বর পৌঁছে দিতে চাই। এ অ্যালবামে অপ্রচলিত লালনগীতিও থাকবে। আশা করি, গানগুলোর সঙ্গে দেশীয় বাদ্যযন্ত্রের ধুন মুগ্ধ করবে শ্রোতাদের।”
