রায়ান-ইভার সম্পর্কে ফাটল?
দুই বছরের প্রেমের পর এবার দূরত্ব সৃষ্টি হয়েছে হলিউডি জুটি রায়ান গসলিং এবং ইভা মেন্ডেজের মধ্যে।
ব্যাং শোবিজের খবর অনুযায়ী, একদিকে ইভা হচ্ছেন ঈর্ষান্বিত আর অন্যদিকে পরিবার গঠনে আগ্রহী রায়ান। নিজেদের মধ্যে ভিন্নমত দেখা দেওয়ায় এবার হয়তোবা বিচ্ছেদ হতে পারে রায়ান এবং ইভার-- এমনটাই এখন ভাবছেন তাদের বন্ধুরা।
ইউএস ম্যাগাজিন এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, একসঙ্গে তাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে, এই বিষয়টি ভেবে দেখার জন্য ছয় মাস আগে কিছু সময়ের জন্য আলাদাভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন রায়ান-ইভা। এরপর থেকে তাদের মধ্যকার দূরত্ব আর কমেনি।
সূত্রটি জানিয়েছে, রায়ান মাঝে মাঝে চুপচাপ থাকতে পছন্দ করেন, আর ইভা রায়ানকে নিয়ে ঈর্ষান্বিত। সম্প্রতি রায়ানের মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে আসা মেসেজ দেখে ইভা ভাবছেন, হয়তোবা অন্য মেয়েদের সঙ্গে কথা বলছেন রায়ান। এ রকম অবস্থায় তারা যদি বিচ্ছেদ ঘটান তবে অবাক হওয়ার কিছুই নেই।
আরেকটি সূত্র জানিয়েছে, বন্ধুদের সঙ্গে আড্ডায় বসলে কখনও রায়ানের ব্যাপারে কথা বলেন না ইভা। এমনকি কেউ যদি রায়ানের প্রসঙ্গ টেনে আনে, তখনই তাকে চুপ করিয়ে দেন তিনি।
এছাড়াও সম্প্রতি জানা গেছে, ইভাকে নিয়ে খুব দ্রুতই ঘর বাঁধতে চান রায়ান। ওদিকে, এত তাড়াতাড়ি সংসার শুরু করা নিয়ে আপত্তি আছে ইভার। আর এই বিষয়টিই তাদের সম্পর্কে ফাটল ধরার মূল কারণ।
শোবিজস্পাই এক সূত্রের বরাতে জানিয়েছে, রায়ানের সব বন্ধুরা জানে এখন সংসারী হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। ইভা রায়ানকে ভালোবাসেন, কিন্তু নিজের জীবনের ইচ্ছার ব্যাপারে ইভা অনেকটাই প্রথাগত ভাবনার বাইরে চিন্তা করেন। আর সংসারে আটকে পরার বিষয়টি একদমই চান না ইভা। এটাই হল প্রধান সমস্যা।
দুবছর আগে ‘দ্য প্লেস বেয়ন্ড দ্য পাইনস’ সিনেমার সেটে পরিচয় হয় রায়ান এবং ইভার। সে বছর সেপ্টেম্বর মাস থেকে তারা প্রেম করা শুরু করেন।
