সালমানের সঙ্গে কাজে আগ্রহী শাহরুখ
বলিউডের দুই রাঘব বোয়াল অভিনেতা শাহরুখ খান এবং অভিনেতা সালমান খানের মধ্যকার রেষারেষি নতুন কোনো খবর নয়। তবে সম্প্রতি শাহরুখ জানিয়েছেন সালমানের সঙ্গে তার কোনো সমস্যা নেই, আর তাই সালমানের সঙ্গে আবারও কাজ করতে চান তিনি।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, সালমানের সঙ্গে আবারও একই সিনেমায় কাজ করা আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ।
শাহরুখ বলেন, “প্রযোজক এবং পরিচালকরা একটি ভালো চিত্রনাট্য দিলে আমি এবং সালমান অবশ্যই একসঙ্গে কাজ করব।”
তার এবং সালমানের মধ্যকার দ্বন্দ্ব বহুদিন ধরেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
এ বিষয়ে তিনি বলেন, “আমরা কেউই কারও প্রতিদ্ব›দ্বী নই। কারণ আমাদের দুজনের রাস্তা আলাদা। আমরা দুজন দুজনকে এবং একে অপরের পরিবারকে সম্মান করি।”
এর আগে শাহরুখ এবং সালমান একসঙ্গে কয়েকটি সিনেমাতে কাজ করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৯৫ সালের সিনেমা ‘কারান অর্জুন’। পরে ১৯৯৯ সালে কারান জোহার পরিচালিত ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমাতেও একটি বিশেষ চরিত্রে ছিলেন সালমান।
তবে ২০০৮ সালে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনে সালমান এবং শাহরুখের দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। তবে চলতি বছর কনগ্রেস নেতা বাবা সিদ্দিকি আয়োজিত এক ইফতার মাহফিলে শাহরুখ এবং সালমান কোলাকুলির ঘটনায় তাদের মধ্যকার সম্পর্কে ফাটল কিছুটা জোড়া লাগতে শুরু করেছে বলে ধারণা করেন সকলেই।
