মাইলির চুম্বন
হ্যালোইনের রাতে পশ্চিম হলিউডের এক নাইটক্লাবে এক ব্যক্তিকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে পপতারকা মাইলি সাইরাসকে। ওই ব্যক্তিটি ছিলেন ব্যান্ড ‘গুড শার্লোট’-এর গিটারিস্ট বেঞ্জ ম্যাডেন।
এইস শোবিজ জানিয়েছে, হ্যালোইনের রাতে গায়িকা লিল কিমের সাজে সেজেছিলেন মাইলি।
এক সূত্র জানিয়েছে, বেঞ্জর সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে দেখা গেছে সেদিন মাইলিকে। তারা একে অপরের সঙ্গে ক্রমাগত ফ্লার্ট করছিলেন এবং ঘনিষ্ঠভাবে কথা বলছিলেন। এরপর তাদের চুম্বন করতে দেখা যায়। রাত প্রায় একটার দিকে তারা ক্লাব থেকে বেরিয়ে যান। যদিও তারা আরও বন্ধুদের সঙ্গে এক গাড়িতে উঠে ফিরে যাচ্ছিলেন, তবুও এটি পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা একসঙ্গে সময় কাটানোর জন্য ফিরে যাচ্ছেন।
তাদের বন্ধুদের সঙ্গে আরও যোগ দিয়েছিলেন গায়িকা কেলি অসবোর্ন এবং তার বাগদত্ত ম্যাথিউ মোশার্ট।
এমটিভি অ্যাওয়ার্ডসে অশালীন পারফরম্যান্সকে কেন্দ্র করে চলতি বছরের সেপ্টেম্বরে বাগদত্ত লিয়াম হেমসওয়র্থের সঙ্গে বিচ্ছেদ ঘটে মাইলির।
