২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল-ক্যাথরিনের পুনর্মিলন

স্বল্প সময়ের বিচ্ছেদের পর এবার পুনর্মিলন হল হলিউডি দম্পতি মাইকেল ডগলাস এবং ক্যাথরিন জিটা জোন্সের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 02:59 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

টাইমস অফ ইন্ডিয়া এক সূত্রের বরাতে জানিয়েছে, ২৯ অক্টোবর মাইকেল তার নতুন সিনেমা ‘লাস ভেগাস’-এর নিউ ইয়র্ক প্রিমিয়ারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে ফোন করেন ক্যাথরিন। আর তখন সাংবাদিকদের সামনেই স্ত্রীর সঙ্গে কথা বলেন মাইকেল।

নিউ ইয়র্ক ডেইলি নিউজের এক সূত্র জানিয়েছে, স্বামীকে তার নতুন সিনেমার জন্য ‘গুডলাক’ জানাতে ফোন করেছিলেন ক্যাথরিন। আর উত্তরে স্ত্রীকে ভালোবাসার সঙ্গে ধন্যবাদ জানান মাইকেল।

সূত্রটি আরও জানায়, মাইকেলের সঙ্গে ওইদিন ক্যাথরিনের যাওয়ার কথা ছিল অনুষ্ঠানটিতে। কিন্তু শুধু একটি কারণেই তিনি যাননি; তিনি চাচ্ছিলেন সেই সন্ধ্যাটি মাইকেল একাই উপভোগ করুক। আর তাই তিনি মাইকেলকে ফোন করেন, কিন্তু তিনি বুঝতে পারেননি ততক্ষণে রেড কার্পেটে পা দিয়েছেন মাইকেল।

চলতি বছরের অগাস্টে নিজেদের ১৩ বছরের বিবাহিত জীবন থেকে কিছু সময়ের জন্য বিরতি নেন এই দম্পতি। কিন্তু স্ত্রীর সঙ্গে দূরত্ব থাকলেও বিয়ের আংটি ঠিকই দেখা গেছে মাইকেলের আঙুলে।

‘লাভ ভেগাস’ সিনেমার প্রিমিয়ারের পর সেদিন রাতে একটি পার্টিতে মাইকেল জনসম্মুখে বলেন, স্ত্রীর সঙ্গে পুনর্মিলন হয়েছে তার।

পার্টিতে উপস্থিত এক সূত্র জানিয়েছে, তিনি এক কোণায় বসে ছিলেন বন্ধুদের সঙ্গে। তখন বন্ধুরা জিজ্ঞেস করেন ক্যাথরিনের সঙ্গে তার কী হয়েছে?

উত্তরে মাইকেল বলেন, “আমরা ভালোই আছি। ক্যাথরিন এখন আগের চেয়ে অনেক বেশি ভালো।”

সূত্রটি আরও জানায়, তাদের মধ্যে সমস্যা থাকলেও তারা প্রতিদিনই একে-অপরের সঙ্গে কথা বলছেন। ভবিষ্যতে একসঙ্গে সিনেমায় কাজ করার পরিকল্পনাও করছেন। তারা দুজনই বিয়ের আংটি আঙুলে পরে আছেন।

সম্প্রতি নিউ ইয়র্কের বাড়িতে ফিরেছেন ক্যাথরিন যেখানে তিনি তাদের দুই সন্তান, ১৩ বছরের ডিলান এবং ১০ বছরের ক্যারিসকে নিয়ে মাইকেলের সঙ্গে থাকেন।