২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর আগের অমিতাভ

নতুন একটি টিভি ড্রামায় ২০ বছর আগের চেহারায় ফিরে যাবেন বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চন। নির্মাতা অনুরাগ কশ্যপের পরিচালনায় তৈরি হবে অনুষ্ঠানটি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 02:51 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

সম্প্রতি নিজের ব্লগে নিজেকে ২০ বছর কম বয়সী করে তোলার এই প্রয়াসকে হাস্যকর বলে অভিহিত করেন ৭১ বছর বয়সী অমিতাভ।

তিনি লেখেন, “ওই একটি দৃশ্যের জন্য আমাকে ২০ বছর কম বয়সী বানানোর বাড়াবাড়ি রকমের প্রচেষ্টাকে হাস্যকর বললেও কম বলা হবে! বয়স বাড়া যতখানি সহজ, সময়কে পিছিয়ে নিয়ে বয়স কমানোর চেষ্টা ততখানি কঠিন।”

এই পোস্টের সঙ্গে নিজের ২০ বছর কম বয়সের সেই চেহারার কিছু ছবিও পোস্ট করেন অমিতাভ।

তিনি আরও লেখেন, “আর আমার এই লুক দেখে সবাই ভালোমতো হেসে নিয়েছে। এখন আমার নিজের বালিশের সঙ্গে সময় কাটানোর পালা এসেছে।”

অনুরাগের সঙ্গে এর আগেও কাজ করেছেন অমিতাভ। ‘বোম্বে টকিজ’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ছোটপর্দায় সবসময় রিয়ালিটি শোতেই দেখা গেছে অমিতাভকে, আর এই টিভি ড্রামার মাধ্যমে প্রথমবারের মতো টিভিতে অভিনয় করতে দেখা যাবে তাকে।

তবে নিজের প্রকৃত বয়সের চেয়ে কমবয়সী কারও চরিত্রে অভিনয় অমিতাভের জন্য নতুন নয়। এর আগে ‘পা’ সিনেমায় তিনি ১৩ বছর বয়সী এক কিশোরের ভূমিকায় অভিনয় করেছিলেন।