২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা গান ভালোবাসেন রাঘব

বাংলাদেশে সম্প্রতি এসেছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী রাঘব চ্যাটার্জি। গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ক্যারিয়ারের নানা গল্পের পাশাপাশি গান নিয়ে নিজস্ব ভাবনার কথা বলেছেন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 06:09 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

নৈহাটির ছেলে রাঘব চ্যাটার্জির গানে হাতেখড়ি মা শিলা চ্যার্টাজির কাছে। মায়ের সঙ্গে গিটার বাজিয়ে গান করত ছোট্ট রাঘব। পারিবারিক নানা অনুষ্ঠান ও পূজায় মায়ের সঙ্গে গিটার বাজিয়ে প্রশংসা কুড়াতেন তিনি।

উনিশ বছর বয়সে সিদ্ধান্ত নিলেন, উচ্চাঙ্গসংগীতে তালিম নেবেন। মায়ের সংগীতগুরু অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিম নিতে শুরু করেন। উচ্চাঙ্গসংগীতে উচ্চতর তালিম নিতে ভর্তি হলেন সংগীত রিসার্চ একাডেমিতে (এসআরএ)। এখানে তিনি তালিম নিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে। কদিন যেতেই মনযোগী রাঘব এসআরএ এর অন্যতম সেরা ছাত্র হয়ে ওঠেন।

একসময় লুকিয়ে গান লেখা শুরু করেন রাঘব। সে গানের সুরারোপও করেন নিজেই। এসআরএ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অংশ নেন জিটিভির সারেগামাপা গোল্ডেন হান্ট ট্যালেন্ট প্রতিযোগিতায়। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এ খবর একাডেমিতে পৌঁছুতেই রাগে অগ্নিশর্মা হলেন গুরুদেবরা। একাডেমির নিয়মানুসারে ছাত্রত্ব থাকাকালীন বাইরের কোনো প্রতিযোগিতা ও কনসার্টে অংশগ্রহণ করা যায় না। রাঘব এ নিয়মের তোয়াক্কা না করে নিয়মিত বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করতে লাগলেন। এবার কর্তৃপক্ষ ডেকে পাঠাল তাকে। রাঘব সিদ্ধান্ত নিলেন এসআরএ ছেড়ে দেবেন।

এ প্রসঙ্গে রাঘব বলেন, “এসআরএতে চর্চা চালিয়ে গেলে নিজের গানগুলো প্রচার করতে পারতাম না। আমার নিজস্ব উদ্ভাবন মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম না। আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। সিদ্ধান্ত নিলাম এসআরএ একাডেমি ছেড়ে দেব।”

একাডেমি ছেড়ে রাঘব ডুব দিলেন নিজের ভুবনে। সমকালীন নানা ইস্যুতে গান লিখতে শুরু করেন। নিজেই সে গানের সুরারোপ করেন। বিভিন্ন স্টেজ শোতে নিয়মিত পারফর্মও করেছেন তখন।

একদিন ডাক আসে টিভি সিরিয়ালের। সিরিয়ালের টাইটেল ট্র্যাক, আবহসংগীত গাইতে শুরু করলেন। কটা বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়েছেন। ততদিনে শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেন রাঘব।

এ সাফল্যের পর ডাক আসে টালিউডের। ‘মায়ার বাঁধন’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করেন রাঘব। এরপর বেশকটি বাংলা সিনেমায় প্লেব্যাক করেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘বন্ধন’, ‘শুভদৃষ্টি’, ‘বাইশে শ্রাবণ’, ‘বর আসবে এক্ষুনি’, ‘রূপকথা নয়’, ‘ভূতের ভবিষ্যত’, ‘হাউজফুল’।  

তখন ১৯৯৮ সাল। কলকাতার বাংলা গানের বেহাল অবস্থা। তখন পুরনো বাংলা গানগুলোর রিমেক ভার্সনে অ্যালবাম বের হচ্ছে দেদারসে। গানগুলোর সংগীতায়োজনে নানা ভুল ধরা পড়ছে। এ ঘটনায় বাংলা গানের শ্রোতারা মহাবিরক্ত। মৌলিক গানের অভাবে তারা ঝুঁকছেন হিন্দি গানের দিকে। ঠিক তখন রাঘব নিয়ে আসেন তার প্রথম একক অ্যালবাম ‘ভোরের আলো’। অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেন দেবজ্যোতি মিশ্র ও চিরদীপ দাশগুপ্ত। এ অ্যালবাম প্রকাশের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি রাঘবকে।

কলকাতার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে রাঘব গেলেন মুম্বাই। তার স্বপ্ন বলিউডেও স্থায়ী হবেন। হিন্দি ভাষায় কটা গান রেকর্ড করলেন। সে গানগুলো নিয়ে একটা অ্যালবাম করবেন বলেন মিউজিক কোম্পানিগুলোর দুয়ারে দুয়ারে ঘুরে বেড়িয়েছেন রাঘব।

রাঘব বলেন, “হিন্দি ভাষায় কটা গান রেকর্ড করে মুম্বাইয়ের নামকরা মিউজিক কোম্পানিতে পাঠালাম। অনেক ঘোরাঘুরির পর তারা আমাকে হতাশ করল। এরপর  চেন্নাই গেলাম। চেন্নাইয়ের কসমিক মিউজিক কোম্পানি আমার গান শুনে মুগ্ধ হল। তারা অ্যালবাম প্রকাশ করবে বলে ঠিক হল। অ্যালবামের নাম রাখা হল ‘রিস্তে’। অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন চিরদীপ ও মধু মুখার্জি।”

হিন্দি সিনেমায় প্লেব্যাকের সুযোগ পেতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে রাঘবকে। রাঘব শোনালেন সে গল্প। তিনি বলেন, “ নামকরা এক পরিচালকের সিনেমায় প্লেব্যাকের সুযোগ মিলেছিল। সংগীত পরিচালকও নামকরা। অনেক আশা নিয়ে গান রেকর্ড করলাম। অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে সিনেমাটি। একদিন পরিচালক ফোন করে শোনালেন, শেষ মুহূর্তে আমার গানটি নির্বাচিত হয়নি। তখন খুব মন খারাপ হল। কখনও একটি গানের কথা বলে একাধিক গান রেকর্ড করিয়ে নিয়েছেন সংগীত পরিচালক। তার জন্য বাড়তি পারিশ্রমিক পাইনি। সারাদিন না খেয়ে গান রেকর্ড করেছি। সেসব দিনের কথা ভুলব না কখনও।”

দেবদাস সিনেমার মাধ্যমে বদলে যায় রাঘবের গল্প। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই সিনেমার সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র খুঁজছিলেন ক্ল্যাসিক্যাল ঘরানার এক তরুণ গায়ককে। তার মনে পড়ল, রাঘবের কথা। এ সিনেমার সুযোগ হাতছাড়া করলেন না রাঘব। দেবজ্যোতির সংগীতায়োজনে দেবদাস সিনেমার আবহ সংগীত গাইলেন রাঘব।  সিনেমাটির সাফল্যের পর বলিউডে ছড়িয়ে পড়ে তার সুনাম। এরপর রাঘব বেশকটি হিন্দি সিনেমাতেও প্লেব্যাক করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল  ‘তেরে নাম’, ‘রেইনকোট’, ‘পরিণীতা’। বলিউডে তিনি বাপ্পি লাহিড়ী, ইসমাইল দরবার, মন্টি শর্মা, সাজিদ ওয়াজিদ, শান্তুনু মৈত্র, সেলিম সুলেমানের মতো নামকরা সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন।

সম্প্রতি রাঘব অমিতাভ বচ্চন পরিচালিত 'ওমেন প্রেইড অ্যান্ড প্রেইড আপ অন’ নামের একটি ডকুমেন্টারি ফিল্মে প্লেব্যাক করেছেন। নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতামূলক এই অ্যালবামে রাঘবের গান ‘জীবন কে হার রঙ মে’।

বাংলাদেশের সিনেমাতে প্লেব্যাক করেছেন রাঘব। আলাউদ্দিন আলীর সংগীতায়োজনে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় গেয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি প্লেব্যাক করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়াছবি’ সিনেমায়। সম্প্রতি প্রকাশিত সামিনা চৌধুরীর ‘চলো বাঁচি’ অ্যালবামের একটি গানের সংগীতায়োজন করেছেন তিনি। এ গানে সামিনার সঙ্গে কণ্ঠও দিয়েছেন। রাঘব জানান, গীতিকার জুলফিকার রাসেলের কথায় তার সংগীতায়োজনে একটি অ্যালবাম প্রকাশ করবেন তিনি। অ্যালবামটি দুই বাংলাতেই প্রকাশের ইচ্ছা তার।

রাঘবের কাছে প্রশ্ন-- বাংলা না হিন্দি কোন মাধ্যমে থিতু হতে চান? এ প্রশ্নের জবাবে রাঘব বলেন, “বাংলা গান ছেড়ে দেব এ কথা আমি স্বপ্নেও ভাবি না। বাংলা আমাকে আজকের রাঘব বানিয়েছে। সবকিছুর চেয়ে আমার কাছে বাংলার গুরুত্ব বেশি। বাংলাকে বাদ দিয়ে আমি কিছু করব না। হিন্দি সিনেমায় গাইলেও বাংলাই আমার প্রেম।”

বাংলা গানের সাম্প্রতিক হাল নিয়ে তার নিজস্ব ভাবনার কথা শেয়ার করেন। রাঘবের মতে, কলকাতায় বাংলা গানের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও সংগীত পরিচালকরা ভালো গান দিতে ব্যর্থ। সস্তা দরের চটুল গান নির্মাণ করে তরুণ শ্রোতাদের বিমুখ করছে। বাংলা গানের বারোটা বাজাচ্ছে তারা। ভালো মানের বাংলা গানের অভাবে শ্রোতারা হিন্দি গানের দিকে ঝুঁকছে।

রাঘব আরও জানান, বাংলা গানের এমন দুর্দশা সত্ত্বেও কজন সংগীত পরিচালক লড়াই চালিয়ে যাচ্ছেন। গান নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন। শ্রোতাদের ভালো গান উপহার দিচ্ছেন।

রিয়েলিটির শোর মাধ্যমে প্রতিভা অন্বেষণের ঘোর বিরোধী রাঘব। তিনি বলেন, “রিয়েলিটি শো অনেকটা টিভি সিরিয়ালের মতো। সিরিয়াল শেষ হলে দর্শক অভিনেতা-অভিনেত্রীদের ভুলে যায়। তেমনি রিয়েলিটি শোর পর এর প্রতিযোগীদেরও শ্রোতারা ভুলে যায়। এদের নিয়ে সংগীত পরিচালকদেরও মাথাব্যথা নেই। এদের কোনো মৌলিক গান নেই বলে নিমেষেই হারিয়ে যায়।”

এ হারিয়ে যাওয়া শিল্পীদের জন্য এগিয়ে আসছেন রাঘব। তরুণ শিল্পীদের জন্য তিনি কলকাতায় একটি সংগীত একাডেমি খুলবেন।

সংগীতশিল্পী হিসেবে রাঘব জানান তার স্বপ্নের কথা। তিনি বলেন, “এখনও ভারতের সব নামি সংগীত পরিচালকের সঙ্গে কাজ করতে পারিনি। আমার স্বপ্ন এ. আর. রাহমানের সংগীতায়োজনে একটি গান করব। লতা মুঙ্গেশকার, আশা ভোসলের সঙ্গে একটি গান গাইতে পারলে আমার সংগীত জীবন ধন্য হয়ে যেত।”

দীর্ঘ সংগীতজীবনে স্ত্রী অনিতার অবদানের কথা অকপটে স্বীকার করেন রাঘব। কৃতজ্ঞ রাঘব বলেন, “অনিতাও গান গায়। আমার গানের বড় সমালোচক সে। ক্যারিয়ারে নানা সংকটে সে দারুণ সব বুদ্ধি বাতলে দিয়েছে। তার কাছে কৃতজ্ঞতার শেষ নাই।”

আলাপচারিতার শেষে রাঘবের কণ্ঠে বাংলাদেশ বন্দনা। তিনি বলেন, “বাংলা ভাষা ও বাংলা গানের চর্চায় কলকাতা থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। বাংলা গান নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। এ দেশের তরুণরা শুদ্ধ সংগীতের চর্চা করছে। এদের কোনো ভালো সংবাদ শুনলে বাংলা গানের সাধক হিসেবে আমার খুব গর্ব হয়।”

 *** রাঘবরে ছবি তুলছেনে নয়ন কুমার