সিনেপ্লেক্সে ‘রিডিক’
ঢাকার দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সে ভিন ডিজেল অভিনীত হলিউডি সিনেমা ‘রিডিক’ প্রদর্শিত হবে ১ নভেম্বর থেকে। সায়েন্স ফিকশন সিরিজ ‘দ্য ক্রনিকলস অফ রিডিক’-এর তৃতীয় চলচ্চিত্র এটি। এটি নির্মাণ করেছেন ডেভিড টোহি।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের বিপণন ও মিডিয়া ম্যানেজার মেজবাহ উদ্দীন আহমেদ গ্লিটজকে জানিয়েছেন, এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পাওয়া সিনেমাটি দারুণ ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তিন কোটি ৮০ লাখ ডলার বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম তিনদিনের মধ্যেই আয় করে এক কোটি ৮০ লাখ ডলার। লাগাতার তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে শীর্ষে থাকার পর ‘দ্য বাটলার’কে টেক্কা দিয়ে ‘রিডিক’ আয় করেছে সাত কোটি ৩০ লাখ ডলার, যেখানে ‘দ্য বাটলার’-এর আয় ছিল দুই কোটি ৪৩ লাখ ডলার।
তিনি বলেন, “সিনেমাটি বাংলাদেশের দর্শকরা উপভোগ করবেন বলে আমাদের প্রত্যাশা।”
