নতুন সিনেমায় জেরার্ড
অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অলিম্পাস হ্যাজ ফলেন’-এর সিকুয়েলে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেরার্ড বাটলার। সিনেমায় তার সঙ্গে আরও থাকবেন মরগ্যান ফ্রিম্যান এবং অ্যারন এখারট।
চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ বক্স অফিসে ব্যাপক সফল হওয়ায় এবার নির্মিত হবে সিনেমাটির সিকুয়েল।
স্ক্রিন ডেইলি জানিয়েছে, এবারের সিকুয়েলে নিজেদের আগের চরিত্রতেই অভিনয় করবেন কলাকুশলীরা। চিত্রনাট্যকার ক্যাট্রিন বেনেডিক্ট এবং ক্রেইটন রথেনবার্জার আগের মতো এবারও লিখবেন নতুন সিনেমার গল্প। কিন্তু পরিচালক হিসেবে ফিরবেন না অ্যান্টয়েন ফুকা।
এবারের সিনেমার নাম রাখা হয়েছে ‘লন্ডন হ্যাজ ফলেন’।
‘লন্ডন হ্যাজ ফলেন’-এর কাহিনি গড়ে উঠবে সিক্রেট সার্ভিস এজেন্ট মাইক ব্যানিংকে ঘিরে, যার ভূমিকায় অভিনয় করবেন জেরার্ড। সিনেমায় দেখা যাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শেষকৃত্যের অনুষ্ঠানে একটি সন্ত্রাসী হামলা হওয়ার খবর পেয়েছেন ব্যানিং। আর আমেরিকার প্রেসিডেন্ট বেঞ্জামিন আশারের সহায়তায় এই হামলা রুখবেন তিনি।
২০১৪ সালের ৫ মে থেকে লন্ডনে শুটিং শুরু হবে সিনেমাটির। তবে কে বসবেন পরিচালকের আসনে, তা নিয়ে এখনও নিশ্চিত নন প্রযোজকরা।
