ইন্টারনেটে অনাগ্রহী স্কারলেট
অনলাইনে কোনোকিছু খোঁজা খুবই কষ্টসাধ্য কাজ মনে হয় হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসনের। আর তাই ইন্টারনেট থেকে যথাসম্ভব দূরে থাকেন তিনি।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, সম্প্রতি মালিবু ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কারলেট বলেন ইন্টারনেটে সময় কাটানো তার জন্য কখনও ফলপ্রসূ হয়নি। সে জন্য অনলাইনে তিনি খুব কম সময় নষ্ট করেন।
স্কারলেট বলেন, “আপনি যা খুঁজছেন ঠিক সেটা আপনি কোনোদিনও ইন্টারনেটে খুঁজে পাবেন না। তাই আমি এসব এড়িয়ে চলাই শ্রেয় মনে করি। আমি ইন্টারনেটে বেশি সময় কাটাই না।”
শিল্পীদের প্রতি বাজে মন্তব্য এবং নেতিবাচক প্রচারণার কারণে ইন্টারনেট জিনিসটি বিশেষ পছন্দ নয় স্কারলেটের।
তিনি বলেন, “আমি গুগলে নিজেকে খুঁজে দেখেছি। আমাকে নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে। কিন্তু তারমানে এই নয় যে আমি ইন্টারনেটে সবাইকে নিয়ে উপহাস করা শুরু করেছি আর হঠাৎ করেই আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে।”
২৮ বছর বয়সী স্কারলেট অভিনয় করছেন মারভেলের নতুন সুপারহিরো মুভি ‘ক্যাপ্টেন আমেরিকা’তে। সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ২০১৪ সালের ৪ এপ্রিল।
