নবনীতা-গৌরব সন্ধ্যা
শিল্পী নবনীতা চৌধুরী ও লাবিক কামাল গৌরবকে নিয়ে কনসার্ট আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কারাচারাল সেন্টার (আইজিসিসিআর)। এই সংগীত জুটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে গাইলেও কনসার্টে উপস্থিত হচ্ছেন প্রায় এক বছর পর।
এ বিষয়ে নবনীতা গ্লিটজকে বলেন, “হ্যাঁ, অনেকদিন হল। মাঝে অবশ্য টিভি লাইভগুলোতে যাওয়া হচ্ছে। কিন্তু আমার দ্বিতীয় অ্যালবাম রেডি করার জন্য প্রচুর সময় দিতে হচ্ছে স্টুডিওতে। এদিকে আজব-এর দ্বিতীয় অ্যালবামের কাজও চলছে একইসঙ্গে। লাবিককে যেমন খাটতে হচ্ছে, তেমনি তার দল আজবকেও সময় দিতে হচ্ছে আমার জন্য।”
নাম ঠিক না হওয়া দ্বিতীয় অ্যালবাম নিয়ে তিনি জানান, ভাটির দেশকেন্দ্রিক হবে এবারের অ্যালবাম। হাসন রাজা, রাধারমণ দাস, রসিকলালদের বেশ কিছু গান চর্চা করছেন তিনি অ্যালবাম ও কনসার্টে গাইবার জন্য। তবে এবারের অ্যালবামে লালন সাঁইজির গানও থাকছে।
নবনীতা ও গৌরবের কনসার্ট ২ নভেম্বর, সন্ধ্যা ৬টা ৩০মিনিটে শুরু হবে বলে জানিয়েছে আইজিসিসিআর।
তারা আরও জানিয়েছে, সদ্যপ্রয়াত কণ্ঠশিল্পী মান্না দে স্মরণে আরও একটি সংগীতানুষ্ঠান আয়োজন করেছে তারা ১ নভেম্বর সন্ধ্যায়। সেদিন মান্না দের গাওয়া গান গেয়ে শোনাবেন অনুপ বড়ুয়া।
