২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লু রিড আর নেই

কিংবদন্তি রকতারকা লু রিড আর নেই। রোববার ২৭ অক্টোবর আমেরিকার লং আইল্যান্ডে মৃত্যুবরণ করেন তিনি। ওই সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 05:10 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, চলতি বছরের মে মাসে লিভার ট্রান্সপ্লান্টের পর থেকেই স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন লু।

গত পাঁচ দশক ধরে রক অ্যান্ড রোল সংগীতে লু রিডকে ধরা হয় সবচেয়ে প্রভাবশালী একজন গায়ক এবং গীতিকার হিসেবে। তবে আশ্চর্যের ব্যাপার হল, পুরো ক্যারিয়ারে তার মাত্র ২০টি গান হিট হয়েছিল।

রিডের প্রথম ব্যান্ড ‘দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড’ গঠনের পরপর বাণিজ্যিকভাবে মার খেয়ে যায়। কিন্তু পরবর্তীতে নিউ ইয়র্কের রক ভক্তরা এই ব্যান্ডের গানগুলোকে আলাদাভাবে মর্যাদা দেয়, আর সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যান্ড হয়ে ওঠে আলাদা ধরনের এক রক আইকন।

রোলিং স্টোন ম্যাগাজিন ২০০৩ সালে এই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড অ্যান্ড নিকো’কে সর্বকালের সেরা অ্যালবামের মধ্যে ১৩ নম্বরে রেখেছিল। ১৯৯৬ সালে ‘রক অ্যান্ড রোল হল অফ ফেইম’ এ অভিষেক হয়েছিল দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ডের।

১৯৭০ সালে লু তার ব্যান্ড থেকে আলাদা হয়ে যান এবং একক ক্যারিয়ার গড়ে তোলেন। ‘ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’ এবং ‘পারফেক্ট ডে’-এর মতো হিট গান উপহার দিয়েছিলেন তিনি।

সত্তর থেকে নব্বইয়ের দশক পর্যন্ত নিরভানা, ডেভিড বোয়ি এবং রক ব্যান্ড আর ই এমের সঙ্গে গান গেয়েছেন লু।

একক ক্যারিয়ারে ২০ টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। লু রিডের শেষ অ্যালবাম ছিল ‘হাডসন রিভার উইন্ড মেডিটেশনস’, যা ২০০৭ সালে প্রকাশিত হয়।