বিগ বস ছাড়বেন সালমান
‘বিগ বস সেভেন’-এর এক প্রতিযোগীর উপর রেগে গিয়ে অনুষ্ঠানটি ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউডি অভিনেতা সালমান খান।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, বিগ বসের বাড়ির বাসিন্দা টিভি অভিনেতা কুশল ট্যান্ডন সম্প্রতি আরেকজন প্রতিযোগী অভিনেত্রী তানিশা মুখার্জির সঙ্গে বাজে ব্যবহার করার পর তা দেখে খুবই ক্ষুব্ধ হন সালমান।
এরপর তিনি জানান, বিগ বসের এই সেশনই হবে উপস্থাপক হিসেবে তার জন্য শেষ অনুষ্ঠান।
শনিবার ২৬ অক্টোবর কুশলকে এই কারণে বেশ কিছু কথাও শোনান সালমান।
তিনি কুশলকে বলেন, “যদি তুমি মনে কর এসব করে তুমি তোমার ইমেজ ভালো করছ, তবে সেটা তোমার ভুল ধারণা।”
এরপর তিনি ঘোষণা দেন, “এই পর্বটির কারণে বিগ বসের নতুন কোনো সেশনে আমি কাজ করব না।”
রোববার টুইটারে ভক্তদের নানা প্রশ্নের সম্মুখীন হয়ে সালমান জানান, ভক্তদের একটি বিষয় জেনে রাখা উচিত যতখানি তারা টিভিতে দেখেছে তার চাইতে আরও অনেক বেশি ঘটনা ঘটেছিল পর্দার আড়ালে।
সালমান টুইট করেন, “আপনারা এক ঘণ্টার অনুষ্ঠান দেখেন, আর আমি পুরো ঘটনা চোখের সামনে দেখি। পুরুষদের বলছি, একবার ভেবে দেখেন আপনাদের পরিবারের কোনো নারী সদস্যের সঙ্গে যদি বাইরের কেউ এভাবে কথা বলে আপনাদের কেমন লাগবে।”
তিনি আরও লেখেন, “আমি এক্ষেত্রে চুপ থাকতে পারি না। এ রকম ঘটনা ঘটলে বেশিরভাগ মানুষই প্রতিবাদ করবে।”
বিগ বস অনুষ্ঠানটি সম্পর্কে সালমান লেখেন, “অনুষ্ঠান হিসেবে এটি খুবই ভালো। এখানে শেখা যায় কী করে শারীরিক এবং মানসিকভাবে আপনি শক্ত থাকতে পারবেন। ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ঠিকমতো খাবার এবং বিশ্রাম ছাড়াই অনেক সময় এদের কাজ করতে হয়। বিষয়টি মোটেই সহজ নয়।”
সম্প্রতি বিগ বসের বাড়িতে একটি কাজের সময় তানিশাকে ক্রমাগত বিরক্ত করছিলেন কুশল, যার ফলস্বরূপ কুশলের সঙ্গে ঝগড়া বাঁধে তানিশার।
