২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিপুর অ্যালবামে সোমচন্দা

সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ জুর সুর ও সংগীতায়োজনে সম্প্রতি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার সংগীতশিল্পী সোমচন্দা। কণ্ঠশিল্পী দিপুর অ্যালবামের জন্য একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 04:48 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

গানটির কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী। ‘ভুলের খেয়া’ শিরোনামের গানটি দিপুর প্রকাশিতব্য দ্বিতীয় একক অ্যালবামে থাকবে।

জুয়েল এ বিষয়ে গ্লিটজকে বলেন, “দিপুর ভয়েস বেশ কিছুদিন আগে নেওয়া হয়েছে। এরপরে আমি নিজে কলকাতায় গিয়ে সোমচন্দার ভয়েস নিয়ে এসেছি। গানের কথাগুলো খুবই চমৎকার। রোমান্টিক গানটি দিপু ও সোমচন্দার কণ্ঠেও দারুণ মানিয়েছে।”

জুয়েল আরও বলেন, “বর্তমানে আমাদের দেশের অনেক মিউজিশিয়ানই কলকাতার শিল্পীদের নিয়ে কাজ করছেন। তারা শিল্পীর ভয়েস নেওয়াসহ কম্পোজিশনের কাজও করছেন অনলাইনের মাধ্যমে। তবে আমি এর বিরোধী। কেননা এ ক্ষেত্রে অবশ্যই শিল্পীকে সামনে রেখে ভয়েস রেকর্ড করা উচিত। এ বিষয়ে আমি কোনো ছাড় দিতে চাই না। এখন অনেক তরুণ খুবই ভালো কাজ করছেন। তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে দায়সারাভাবে কাজ করলে চলবে না।”

এর আগে ২০১২ সালে অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হয় দিপুর প্রথম অ্যালবাম ‘ভালোবাসো আমায়’।